নয়াদিল্লি: বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের (Asif Nazrul) ভারত-বিরোধী প্রোপাগান্ডাকে রীতিমত চপেটাঘাত করল আইসিসি (ICC)। সোমবার আসিফ নজরুল দাবী করেন যে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারত। সেইসঙ্গে বাংলাদেশে নির্বাচনের আগে নিরাপত্তা যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সূত্রে খবর, বাংলাদেশের এই দাবী সম্পূর্ণ মিথ্যা। আইসিসির তরফে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) এই ধরণের কোনও চিঠি দেওয়াই হয়নি। শুধু তাই নয়, এই নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও জারি করা হবে বলেও সূত্রের খবর।
কি বলেছিলেন আসিফ নজরুল?
বাংলাদেশের ক্রীড়া প্রধান হিসেবে পরিচিত নজরুল (Asif Nazrul) সোমবার বলেন, “আমরা আইসিসি-কে দুটি চিঠি পাঠিয়েছি, এরপর আইসিসি নিরাপত্তা দল একটি চিঠি পাঠিয়েছে। তারা বলেছে যে, তিনটি ঘটনা ঘটলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এক, যদি মুস্তাফিজকে [মুস্তাফিজুর রহমান] বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়। দুই, যদি বাংলাদেশ দলের সমর্থকরা বাংলাদেশের জাতীয় জার্সি পরে ঘোরাঘুরি করে, যা আমাদের জাতীয় জার্সি। তিন, (বাংলাদেশের) নির্বাচন যত এগিয়ে আসবে, বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে।”
এরপর তিনি বলেন, “সুতরাং, আইসিসি নিরাপত্তা দলের এই বিবৃতিটি নিঃসন্দেহে প্রমাণ করেছে যে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)খেলার মতো কোনো পরিস্থিতি নেই। যদি আইসিসি আমাদের সেরা বোলারকে ছাড়াই একটি ক্রিকেট দল গঠন করার, আমাদের সমর্থকদের বাংলাদেশের জার্সি পরতে না পারার এবং ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন স্থগিত করার মতো প্রত্যাশা করে, তবে এর চেয়ে অদ্ভুত, অবাস্তব ও অযৌক্তিক প্রত্যাশা আর হতে পারে না।”


