Aaj India Desk, গ্যাংটক: উত্তর সিকিমের (Sikkim) লাচেন এখনও কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। টানা খারাপ আবহাওয়া ও ধসের কারণে মঙ্গলবারও আটকে পড়া এক হাজারের বেশি পর্যটককে ফেরানো সম্ভব হয়নি। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে ডংকিয়া লা গিরিপথ হয়ে লাচুং পথে গ্যাংটকে পর্যটকদের ফেরানোর পরিকল্পনা করা হলেও, পরিস্থিতি পর্যালোচনার পর সেই পরিকল্পনা বাতিল করা হয়। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ওই গিরিপথে অতিরিক্ত বরফ জমে থাকায় যাতায়াত সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এরপর বিকল্প হিসেবে ধস কবলিত এলাকায় অস্থায়ী ফুটব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তারাম চু নদীর কাছে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখেন। বর্ডার রোডস অর্গানাইজেশনের সঙ্গে আলোচনা করে জানা যায়, রাস্তা মেরামত করতে যথেষ্ট সময় লাগবে। তাই দ্রুত পর্যটকদের উদ্ধার করতে অস্থায়ী সেতু তৈরির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে।
তবে এই উদ্যোগ সম্পূর্ণভাবে আবহাওয়ার উপর নির্ভরশীল। উত্তর সিকিমে (Sikkim) এখনও টানা বৃষ্টি চলছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। ফলে অস্থায়ী সেতু টিকে থাকবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল না হলে কোনও ঝুঁকি নেওয়া হবে না। তবে স্বস্তির খবর, লাচেনে আটকে থাকা সমস্ত পর্যটকই আপাতত নিরাপদে রয়েছেন এবং তাঁদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা জারি রয়েছে।


