মুম্বই: ভারতীয় সঙ্গীতজগতে এক গভীর শূন্যতা। রবিবার চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা সঙ্গীতজগতে। প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করা এই অনন্য শিল্পীর বিদায়ে ভেঙে পড়েছেন সহশিল্পী থেকে শুরু করে অনুরাগীরা। এই শোকের মুহূর্তে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, “আজ আমরা হারালাম এমন এক কণ্ঠ, যা একাধিক প্রজন্মের সঙ্গীতকে সংজ্ঞায়িত করেছে, আশা জী শুধু কিংবদন্তি নন, তিনি ছিলেন সীমাহীন।” শ্রেয়া আরও লেখেন যে, ছোটবেলা থেকেই তিনি আশা ভোঁসলের (Asha Bhosle) গান শুনে বড় হয়েছেন। তাঁর গানের ভেতরেই তিনি খুঁজে পেয়েছেন সুরের প্রথম পাঠ।
“যেভাবে তিনি প্রতিটি নোটকে জীবন্ত করে তুলতেন, প্রতিটি অনুভূতিকে ব্যক্তিগত করে দিতেন, তা ছিল অবিশ্বাস্য,” লিখেছেন তিনি।মারাঠি, বাংলা থেকে শুরু করে অসংখ্য ভাষায় তাঁর অনায়াস বিচরণকে স্মরণ করে শ্রেয়া (Shreya Ghoshal) বলেন, “আনন্দের সুর হোক বা গভীর গজল, তিনি সবকিছুই গাইতেন এক অনন্য দক্ষতায়, যা শুধু তাঁর পক্ষেই সম্ভব ছিল।”
তিনি (Shreya Ghoshal) আরও যোগ করেন, “আমাদের অনেকের কাছেই তিনি শুধু অনুপ্রেরণা নন, তিনি আমাদের সঙ্গীতের আত্মার অংশ। তাঁর কণ্ঠ সময়ের গণ্ডি পেরিয়ে বেঁচে থাকবে প্রতিটি শিল্পীর মধ্যে, প্রতিটি শ্রোতার হৃদয়ে।” বার্তার শেষে শ্রেয়া লেখেন, “রেস্ট ইন মিউজিক, আশা তাই” (সুরে বিশ্রাম নিন আশা তাই) আপনার উত্তরাধিকার কখনও ম্লান হবে না।”
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর নাতনি জানাই ভোঁসলে সমাজমাধ্যমে পোষ্ট করেন, “আমার দিদিমা, আশা ভোঁসলে, অত্যধিক ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা যেন আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে; আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা আপনাদের ইতিবাচক সংবাদ জানাতে পারব।”
প্রথমে আশা জী-র (Asha Bhosle) কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে খবর চাউর হলেও জালাই-এর পোস্টে সবটা পরিষ্কার হয়। চিকিৎসকরা গতকালই জানিয়েছিলেন আশা জী-র অবস্থা ভালো নয়। রবিবারই একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ায় চিরনিদ্রায় চলে যান তিনি।


