কলকাতা: তৃণমূলের ফাঁস করা হুমায়ুন কবিরের (Humayun Kabir) ‘১০০০ কোটি ডিলের’ ভিডিওয় (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি) তোলপাড় রাজ্য। মুসলিম ভোট প্রভাবিত করতে বিজেপির কাছে নাকি ১০০০ কোটি টাকা চেয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির। এর মধ্যে ৩০০ কোটি টাকা অগ্রিম দাবি করেছেন বলেও ভিডিওতে বলতে শোনা যায়।
তবে ওই ভিডিওতে মুসলিমদের নিয়েও চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন, দাবী তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, গোপন ভিডিওতে (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি) হুমায়ুনকে (Humayun Kabir) বলতে শোনা গিয়েছে, “মুসলিমদের বোকা বানানো সহজ। সেই কারণেই তাঁদের আবেগকে কাজে লাগাতে বাবরি মসজিদের নাম রেখেছেন তিনি। যার প্রেক্ষিতে হুমায়ুন কবিরকে তুলোধোনা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মুসলিমদের ভাবাবেগ নিয়ে খলেছেন হুমায়ুন। “এটা অন্যায়, পাপ।” এরপর বাংলার মুসলিমদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে ফিরহাদ বলেন, “বাংলার মুসলিমরা কি এতই বোকা? টাকার জন্য ইমাম বিক্রি করতে পারবেন? ওই কীটকে একটিও ভোট নয়”।
প্রসঙ্গত, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন নতুন দল শুরুই করেছিলেন এই বলে যে বাংলার মুসলিমদের ‘ভোটব্যাংক’ হিসেবে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই সরকারের পতন আবশ্যিক। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও প্রকাশ্যে সুর চড়িয়েছেন তিনি। যদিও বৃহস্পতিবার ফাঁস করা ভিডিও নিয়ে তৃণমূলের দাবী, বিজেপির সাথে যে হুমায়ুনের (Humayun Kabir) ‘সেটিং’ আছে, এই ভিডিওই তার জলজ্যান্ত প্রমাণ। অন্যদিকে, ভিডিও (Aaj India ভিডিওর সত্যতা যাচাই করেনি) কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে পাল্টা দাবী করেছেন হুমায়ুন। ভিডিওর সত্যতা প্রমাণ করতে পারলে ২০০০ কোটি টাকা দেবেন বলে দাবী করেন তিনি।


