কলকাতা: ভোট ঘনিয়ে আসতেই রাজ্যের জায়গায় জায়গায় সন্দেহভাজন কাউকে দেখলেই জেরা করা হচ্ছে। সম্প্রতি কলকাতার বুকেই একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং তদন্তকারী দল। এবার ৪৮ ঘন্টার মধ্যে পরপর দুটি অভিযান চালিয়ে প্রায় ১৮ কেজি গাঁজা (Drug Smuggling) উদ্ধার করেছে কলকাতা পুলিশের কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উঠে আসে আরও বড় চক্রের হদিস। এরপরই রবিবার ভোরে বাবুঘাট বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফার অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবুঘাটে থাকা ‘শ্রীকুঞ্জ ট্রাভেলস’-এর কাউন্টার তল্লাশি করে একটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তার ভিতর থেকে ১৪টি গাঁজার প্যাকেট বা ‘ব্রিক’ পাওয়া যায়, যার মোট ওজন ১৪.৬৫১ কেজি। তদন্তে জানা গেছে, ওই গাঁজা (Drug Smuggling) ভূবনেশ্বর থেকে একটি বেসরকারি বাসে করে কলকাতায় আনা হয়েছিল। গোটা ঘটনায় একটি সুসংগঠিত মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।
এর আগে দমদম রোডের মেট্রো হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে STF সান্তু গায়েন (৩৫) ও সুমি ওঝা (৩৭) নামে দুইজনকে গ্রেপ্তার করে। তল্লাশিতে সুমি ওঝার কাছ থেকে ৩.৭ কেজি গাঁজা (Drug Smuggling) উদ্ধার হয়, যা অত্যন্ত কৌশলে শরীরের নিচের অংশে কাপড়ের ভেতরে টেপ দিয়ে লুকানো ছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃত সান্তু গায়েনকে জিজ্ঞাসাবাদের পরই এই বড় নেটওয়ার্কের হদিস মেলে। তদন্তকারীরা মনে করছেন, ধৃতরা সরাসরি বড়সড় পাচার চক্রের সঙ্গে যুক্ত।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। শহরে মাদক পাচার রুখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে STF।


