বীরভূম: বিজেপির প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচাগার তৈরির বরাদ্দের টাকা ‘খেয়ে ফেলেছে তৃণমূল’ বলে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার বীরভূমের গণপুরের আদিবাসী জনসভা থেকে বিরোধী দলনেতার কটাক্ষ, “এরা পায়খানাও খায়”! দরিদ্র মানুষের শৌচাগার বানানোর টাকা তৃণমূল আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “আমি তো এই প্রথম দেখলাম যে এরা পায়খানাও খেয়ে ফেলেছে”!
বলা বাহুল্য, ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রচারের ময়দানে নতুন উদ্যমে সুর চড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রবিবার বীরভূমের গণপুরে আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সভার শুরুতেই তৃণমূল সরকারকে “জামাতদের সরকার” বলে আক্রমণ করেন তিনি। শুভেন্দু বলেন, “ST-SC দের বঞ্চিত করেছে তৃণমূল সরকার। কারা আদিবাসীদের বন্ধু আর কারা শত্রু আপনারা তা জানেন”।
কেষ্ট-কাজলকে তোপ
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ‘আসল পরিবর্তন’ আসবে বলে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি হয় না। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ওই টাকার সঙ্গে আবাস যোজনায় আরও বাড়তি টাকা যুক্ত হবে”। এরপর বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল, কাজল শেখদের তুলধয়ান করে শুভেন্দু অধিকারী বলেন, “কেষ্ট-কাজল বীরভূমের পাথর চুরি করেছে। বিজেপি এসে এই চুরি বন্ধ করবে”। বীরভূমের সিন্ডিকেটরাজ বন্ধের প্রতিশ্রুতিও দিলেন তিনি।
মহিলাদের ৩ হাজার
বিধানসভার অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। তার পাল্টা হিসেবে এদিন বীরভূমের সভা থেকে বিজেপি ক্ষমতায় এলে ৩০০০ টাকা মহিলাদের দেবে বলে প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, রাজ্যে শিল্প, কর্মসংস্থান, নারীসুরক্ষা, চাকরি সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


