ঢাকা: আগস্ট আন্দোলন থেকে অপেক্ষারত প্রধানমন্ত্রীর কুর্সিতে কাকে বসাবে বাংলাদেশ (Bangladesh)? বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বাংলাদেশ সংসদের ৩০০-র মধ্যে ২৯৯ টি আসনে চলছে ভোটগ্রহণ। খালেদা জিয়ার বিএনপি ও কট্টরপন্থী জামাতের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিকেল ৪ টেয় ভোটগ্রহণ শেষ হতেই শুরু হবে গণনা।
এদিন সকাল ১০:২০ মিনিট নাগাদ ঢাকার গুলশন ২ নম্বরের গুলশন মডেল হাইস্কুলে ভোট দিলেন খালেদা-পুত্র তথা বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান (Tarique Rahman)। তিনি বলেন, “মানুষ ভোটকেন্দ্রে এলেই ষড়যন্ত্র ঠেকানো সম্ভব। বাংলাদেশের (Bangladesh) মানুষ দীর্ঘদিন ধরে এই দিনটির প্রত্যাশা করেছিলেন। তাঁরা এতদিনে নিজেদের ভোটারাধিকার ফিরে পেয়েছেন”।
নিষিদ্ধ নৌকা: বিস্ফোরক অভিযোগ জয়ের
অন্যদিকে, আগস্ট আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে শেখ মুজিবের আওয়ামী লিগ। এই আবহে ‘রাতভর ছাপ্পা ভোট চলেছে’ বলে অভিযোগ তুললেন শেখ হাসিনার (Sheikh Hasina) পুত্র সজীব ওয়াজেদ জয়ের। অভিযোগের তীর জামাতের দিকে।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জে একাধিক ভোটকেন্দ্র প্রায় ফাঁকা বলে তুলে ধরেছে বাংলাদেশী সংবাদমাধ্যম ‘দৈনিক ইত্তেফাক’। মুজিব-গড় গোপালগঞ্জ ভোটার-ভাঁটা দেখবে বলেই আশঙ্কা ছিল। জানা গিয়েছে, গোপালগঞ্জ-৩ আসনের একটি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন প্রায় ২৫৪০ জন এবং এদের মাঝে মহিলা ভোটার ১২৪০ জন। কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে ভোটার উপস্থিতই কার্যত শূন্য।
কি বলছেন জামাত প্রধান শফিকুর?
সংসদীয় নির্বাচনে মূলত বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে জানা যাচ্ছে। এই আবহে ব্যালটে ভোট দিয়ে জামাত-প্রধান শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আমি মনে করি। আজ দেশের যুব সমাজ তাঁদের জীবনের সম্ভবত প্রথম ভোট দিচ্ছে। দোয়া করি, এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠ, সংঘাতমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক”।


