স্নেহা পাল, কলকাতা: নাজিরাবাদের (Nazirabad) ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদে আজ ২০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ১৬৩ ধারা জারি হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
প্রশাসনের প্রতি অভিযোগ তুলে তদন্তের দাবি
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, শাসকদলের অন্য নেতা বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে কখনও ১৬৩ ধারা জারি করা হয় না। অথচ মাত্র ২০ জন বিধায়ক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এলে নিষেধাজ্ঞা জারি করা হয়। নাজিরাবাদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দাবিতে এই কর্মসূচি বলে জানান বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ চলবে।
বিরোধী দলনেতা বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের গাফিলতির বিষয়টি সামনে আসা প্রয়োজন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সমালোচনা
অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারপিছু ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও তোলেন বিরোধী দলনেতা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর “অন্য রাজ্যে যাবেন না” মন্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথানুযায়ী, রাজ্যের মধ্যেই ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তাও এখানে নিশ্চিত নয়।
আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে প্রশ্ন
দমকল পরিষেবার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) পদত্যাগ দাবি করে তিনি বলেন, কলকাতার মতো জায়গায় যদি দমকল ছয় ঘণ্টা পরে পৌঁছায়, তবে পুরুলিয়া, বাঁকুড়া বা বাসন্তীর মতো এলাকায় পরিস্থিতি কী হবে তা ভাবার বিষয়। দুদিন ধরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেল না কেন, সে প্রশ্ন তুলে প্রশাসনের কাছে জবাবদিহি চান বিরোধী দলনেতা।
একই সাথে শুক্রবার সোনারপুর (Sonarpur) ও নরেন্দ্রপুর (Narendrapur) এলাকায় ফের মিছিল করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই মিছিলে প্রায় ২০০০ জন অংশ নেবেন। আদালতের তরফে এই কর্মসূচির জন্য আলাদা করে অনুমতি দেওয়া হয়েছে।


