Aaj India Desk, কলকাতা : টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির (Rahul Arunodoy Banerjee) আকস্মিক মৃত্যুকে ঘিরে জট আরও ঘনীভূত হচ্ছে। তালসারিতে শুটিং চলাকালীন তাঁর মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠার পরেই আইনি পদক্ষেপের পথে হাঁটলেন প্রিয়াঙ্কা।
রবিবার দুপুরে তালসারিতে শুটিং চলাকালীন জলে নামার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলের গভীরতা হঠাৎ বেড়ে যাওয়ায় ভারসাম্য হারান তিনি। সহ-অভিনেতা কোনওভাবে ফিরে এলেও রাহুল ডুবে যান বলে অভিযোগ।
তথ্যের অসঙ্গতিতে বাড়ছে ধোঁয়াশা
তবে উদ্ধার নিয়ে রয়েছে বিভ্রান্তি। ইউনিটের একাংশের দাবি, দ্রুত তাঁকে জল থেকে তোলা হয়েছিল। অন্যদিকে স্থানীয়দের বক্তব্য, দীর্ঘ সময় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এই দুই বিপরীত তথ্যই তদন্তে জটিলতা বাড়াচ্ছে।
প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তাঁর শরীরে দীর্ঘ সময় জলের নিচে থাকার চিহ্ন মিলেছে। ফুসফুস, খাদ্যনালী ও পাকস্থলীতে অতিরিক্ত বালি ও লবণাক্ত জলের উপস্থিতি পাওয়া গেছে। ফলে উদ্ধার সত্যিই দ্রুত হয়েছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।
এদিকে প্রযোজনা সংস্থার নীরবতা ঘিরে ক্ষোভ বাড়ছে। অভিনেত্রী চৈতি ঘোষাল বলেছেন, “এই মৃত্যুর দায় আমাদের সকলেরই।” নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলেছেন শিল্পীরা।
শিল্পী ফোরামের জরুরি বৈঠক
মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে শিল্পী ফোরামের জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার সহ একাধিক শিল্পী। সূত্রের খবর, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR দায়ের এবং আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্পী মহলের একাংশ জানাচ্ছে, দ্রুত স্পষ্ট ব্যাখ্যা না মিললে কাজ বন্ধের ডাকও দেওয়া হতে পারে। ইতিমধ্যে পুলিশ ১০-১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে, যার মধ্যে শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা এবং হোটেল কর্মীরাও রয়েছেন।
তদন্তে বিভিন্ন তথ্য সামনে এলেও সেগুলি পরস্পরের সঙ্গে মিলছে না। ফলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে। পুলিশ সূত্রে জানা গেছে, সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট করার চেষ্টা চলছে।


