স্নেহা পাল, কলকাতা : কলকাতা বিমানবন্দরে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এর মধ্যেই সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি।
তাঁর দাবি, তিনি সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের সঙ্গে একাধিক বার পাঁচতারা হোটেলে বৈঠক করেছেন। ওই সব বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বামফ্রন্ট নেতাদের কটাক্ষ করে বলেন যে যেসব নেতা এই বৈঠক নিয়ে সমালোচনা করছেন তারা কিছুই জানেন না। হুমায়ুনের বক্তব্য, বৈঠক নিয়ে সমালোচনা শুরু হওয়ার পরেও মহাম্মদ সেলিম তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হুমায়ুন বলেন, “তিনি থাকলে ভালো, না থাকলেও আমার কিছু যায় আসে না।”
জনতা উন্নয়ন পার্টি একক শক্তিতে ১৮২টি আসনে লড়াই করার ক্ষমতা রাখে বলেও পুনরায় দাবি করেন হুমায়ুন কবীর। তাঁর মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং ত্রিশঙ্কু বিধানসভা তৈরি হবে।
তবে হুমায়ুন কবীরের এই দাবি খারিজ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, “দলের ভিতরে মহাম্মদ সেলিমকে নিয়ে সমালোচনার কোনও খবর আমাদের কাছে নেই। মহাম্মদ সেলিম কী বলেছেন, তা আমরা তাঁর মুখ থেকেই শুনতে অভ্যস্ত।”
প্রসঙ্গত, জানুয়ারির শেষদিকে নিউটাউনের একটি হোটেলে মহাম্মদ সেলিম ও হুমায়ুন কবীরের (Humayun Kabir) বৈঠক ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সিপিএমের একাংশ এই বৈঠক নিয়ে প্রকাশ্যে আপত্তি তোলে এবং দল বৈঠকটিকে ‘ব্যক্তিগত’ বলে ব্যাখ্যা করে দূরত্ব বজায় রাখে। এর জেরে বাম-কংগ্রেস জোট আলোচনা কার্যত থমকে যায়।
রাজ্য রাজনীতিতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোট সমীকরণ নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। হুমায়ুন কবীরের (Humayun Kabir) আজকের মন্তব্য সেই জল্পনাকে নতুন মাত্রা দিল।


