Aaj India Desk, কলকাতা: সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি শেষ হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু তার আগে ফের তৈরি হলো ধোঁয়াশা।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, লক্ষ লক্ষ ভোটারের নথি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ফলে পর্যবেক্ষকেরা ২৭ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আরও প্রায় ৫০ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কি না, সেই সিদ্ধান্ত রয়েছে সংশ্লিষ্ট EROদের হাতে।
অন্যদিকে ERO এবং AEROদের ত্রুটির কারণে ১ লক্ষ ১৪ হাজার ৭৭২ জন ভোটারের নথি নির্দিষ্ট সময়ে আপলোড করা হয়নি। কমিশনের অভ্যন্তরীণ মূল্যায়নে এই সংখ্যার প্রায় ৬০ শতাংশকে অবৈধ ভোটার বলে মনে করা হচ্ছে। বাকি ৪০ শতাংশ ভোটারের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এই প্রেক্ষাপটে কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গাফিলতির অভিযোগে একাধিক ERO ও AEROকে শোকজ নোটিস পাঠাতে চলেছেন।
তবে কমিশন সূত্র জানাচ্ছে, কোনও বৈধ ভোটারের নথি যদি প্রশাসনিক ত্রুটির কারণে আপলোড না হয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট BLOকে সরাসরি বাড়িতে পাঠানো হবে। বাড়িতে গিয়ে ফর্ম-৬ পূরণ করিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য, SIR শুনানি শেষ হয়েছে ১৪ ফেব্রুয়ারি। সেই দিন থেকেই নথি আপলোডের প্রক্রিয়া বন্ধ রয়েছে। বর্তমানে রোল অবজারভার এবং মাইক্রো অবজারভাররা জমা পড়া সমস্ত নথি খতিয়ে দেখছেন। যাচাই প্রক্রিয়ার শেষ দিন ২১ ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে সাধারণ ভোটারদের উদ্বেগ। এখন কতজন ভোটারদের নাম থাকবে এবং কত ভোটারদের নাম কাটা হবে সেদিকেই রয়েছে নজর।


