কলকাতা: সপ্তাহের মাঝে কলকাতায় জোড়া কর্মসূচীর জেরে নাজেহাল নিত্যযাত্রীরা। একদিকে, আশাকর্মীদের (ASHA Workers) স্বাস্থ্যভবন অভিযান, অন্যদিকে, শহীদ মিনারে আইএসএফের (ISF) কর্মসূচী। বুধবার সকাল থেকেই হাওড়া, শিয়ালদহ স্টেশনে আশা কর্মীদের ঢল নামে। সেখান থেকে তাঁরা সল্টলেকে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হতেই চিংড়িঘাটা, ই-এম বাইপাস এলাকায় ব্যাপক যানজটের (Traffic Congestion) সৃষ্টি হয়।
কাজের দিনে যানজটে দীর্ঘক্ষণ আটকে পড়েন নিউটাউন, সেক্টর ফাইভের অফিসযাত্রীরা। পাশাপাশি, হাওড়া শিয়ালদহ লাইনের ট্রেনে আশা কর্মীদের ভিড় থাকায় শহরতলী থেকে কলকাতায় কাজে আশা নিত্যযাত্রীদেরও চরম দুর্ভোগের কথা উঠে এসেছে। ট্রেন থেকে নেমে গন্তব্যে পৌঁছতে বাস বা অটোর লাইনেও আশাকর্মীদের (ASHA Workers) ভিড়ে জেরবার হতে হয় বলে অভিযোগ।
শহীদ মিনারে আইএসএফের কর্মসূচী
অন্যদিকে, আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মসূচীর জেরে যানজটে (Traffic Congestion) থমকে মধ্য কলকাতাও। ধর্মতলার শহীদ মিনারে কর্মসূচীর জেরে এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোডে ব্যাপক ভিড়ের কারণে ব্যহত হয় যান চলাচল। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, আইএসএফ কর্মীদের একাংশ সায়েন্স সিটি হয়ে ধর্মতলায় যাওয়ার কারণে সায়েন্স সিটি মোড় সহ তোপসিয়া, বেকবাগান, পার্ক সার্কাস, মা ফ্লাইওভার, এক্সাইড মোড়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁদের।


