স্নেহা পাল, হুগলি : ভোটের আবহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার উঠে এল এক নতুন বিতর্ক। হুগলির (Hooghly) গোগাটে হঠাৎই দেখা যায় একটি মিছিল। পোষ্টার হাতে ও দিনের বেলায় টর্চ জ্বালিয়ে রাস্তায় নামেন সাধারণ মানুষ। সেই অভিনব প্রতিবাদ কর্মসূচি ঘিরেই তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা।
বৃহস্পতিবার ‘নিখোঁজ বিধায়ক’ লেখা পোস্টার হাতে নিয়ে হুগলির (Hooghly) গোগাট থানায় যান স্থানীয় বাসিন্দারা। বিজেপি বিধায়ক বিষ্ণুনাথ করক ৫ বছর ধরে নিখোঁজ বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের মন্তব্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর বিধায়ক এলাকায় নিয়মিত আসেননি এবং সাধারণ মানুষদের ন্যূনতম পরিষেবাও দেননি। মিছিলে “ভোটের সময় ভোট চাই, কাজের বেলায় দেখা নাই” এই রব তুলে প্রতিবাদ জানান স্থানীয়রা।
দলীয় ব্যানারহীন প্রতিবাদ
তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে হলেও মিছিলে কোনও দলীয় ব্যানার ছিল না। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটে জিতে জনপ্রতিনিধির দায়িত্ব পালনে বিধায়কের অনীহাই এই প্রতিবাদের মূল কারণ।
বিধায়কের পাল্টা জবাব
অন্যদিকে বিষ্ণুনাথ করকের দাবি, এই প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্য, “তৃণমূল ভয় ও বিভ্রান্তি থেকে এসব করছে। এর বেশি কিছু বলার নেই।”
ভোটের আগে বাড়ছে প্রশ্ন
এর আগে উত্তরপাড়ায়ও একই রকম ভাবে পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়। সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিকের অনুপস্থিতির অভিযোগ নিয়ে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়। বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করে, নির্বাচনের পর বিধায়ককে এলাকায় দেখা যায়নি। সেখানেও অভিযোগ অস্বীকার করে কাঞ্চন মল্লিক জানান, তিনি নিয়মিত এলাকায় আসেন এবং অফিসে বসেই কাজ করেন।
ভোটের আগে জনপ্রতিনিধিদের উপস্থিতি ও জনসংযোগ নিয়ে প্রশ্ন উঠছে। এই ধরনের প্রতিবাদ আসন্ন ভোটের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।


