কলকাতা: মঙ্গলবার রাত ৯ টা ৬ মিনিট নাগাদ শহর কলকাতায় ভূমিকম্প (Earthquake) অনুভূত হল। সপ্তাহের ব্যস্ত দিনে আচমকা যেন নড়ে উঠল ধরনী! রিখটার স্কেলে (Richter Scale) কম্পনের মাত্রা ৬.৪ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। উৎসস্থল মায়ানমারের আকিয়াব শহর থেকে ৭০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে উৎসস্থল মাত্র ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার অব জিওসায়েন্স।
পাশাপাশি বাংলাদেশ, ইন্দোনেশিয়াতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতায় প্রায় ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন অনেকেই। দক্ষিণ কলকাতার গড়িয়া, যাদবপুর, সোনারপুর, ঢাকুরিয়ায় বেশ তীব্র কম্পন অনুভূত হয়। আফটার শকের আতঙ্কে শহরবাসী।
নিউ গড়িয়ার এক বাসিন্দা জানিয়েছেন, “আচমকা জানলা দরজা যেন ঝনঝন করে উঠল! সিলিং-এ তাকিয়ে দেখি জোড়ে জোড়ে পাখা দুলছে। ঝটপট বাড়ির সকলে মিলে অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে আসি। আফটার শকের আশঙ্কায় ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না।”
সোনারপুরের এক বাসিন্দা বলেন, “সাম্প্রতিক সময়ে কলকাতায় এত তীব্র ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়নি। বাড়ির প্রবীণদের নিয়ে কোনোরকমে বাইরে বেরিয়ে আসি”। কয়েক মুহূর্তের জন্য ইন্টারনেট পরিষেবাতেও ব্যাঘাত ঘটে, বলে জানাচ্ছেন অনেকে।
কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, গত ২১ নভেম্বর কলকাতায় ভূমিকম্প (Earthquake) টের পাওয়া যায়।


