স্নেহা পাল, কলকাতা : বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয়ী হন BNP। দলের নেতৃত্ব তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তারেককে ‘ভাই’ সম্বোধন করে শুভেচ্ছা বার্তা দেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা এবং আসন্ন রমজান উপলক্ষে শুভকামনা জানান। এরপর শনিবার ঢাকার গুলশানে BNP চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি পৌঁছে দেয় তৃণমূল নেতৃত্ব। BNP মিডিয়া সেলের সদস্য আতীকুর রহমান রুমান সেই উপহার গ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ আধিকারিক মেহেদুল ইসলাম মেহেদিও।
পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই ফুল ও মিষ্টি শুধু রাজনৈতিক সৌজন্য নয়, দুই বাংলার আবেগী সম্পর্কের দিকেই নতুন করে নজর টেনেছে।
শেখ হাসিনার বিদায় ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহে ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিমধ্যেই সংবেদনশীল। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দুই বাংলার সাংস্কৃতিক ও ভাষাগত আবেগের প্রতিফলন বলেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে দিল্লি ও ঢাকার কূটনীতির সমীকরণে এই ‘দুই বাংলা’র বন্ধন কতটা দৃঢ় থাকবে, তা নিয়ে চলছে আলোচনা।


