বিধানসভা ভোটের আগে জোট সমীকরণে গতি আনছে বামফ্রন্ট। সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই শরিক দলগুলির মধ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি তাঁর ইঙ্গিত, ২০২১ সালের মতো এবারও আইএসএফ-এর সঙ্গেই জোট বেঁধে ভোটে নামতে পারে বাম শিবির।
বহরমপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেলিম বলেন, “আরএসপি-র সঙ্গে এখনও আলোচনা চলছে। ১৮ তারিখের মধ্যে বামফ্রন্টের আসন রফা চূড়ান্ত হবে। তার দু’এক দিনের মধ্যেই সিপিআই(এম) লিবারেশন-সহ অন্যান্য বামপন্থী দলগুলির সঙ্গেও আলোচনা শেষ হয়ে যাবে।”
আইএসএফ-এর সঙ্গে সিপিএম এর (CPM) জোট প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যেই দু’-তিন দফা বৈঠক হয়েছে। “ওদের সঙ্গেও আমাদের কথা অনেক দূর এগিয়েছে। পাঁচ-ছ’টি আসন নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা চলছে। তার পরেই বিষয়টি চূড়ান্ত হবে,” বলেন সেলিম।
কয়েক দিন আগে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক হলেও, তাঁর দলের সঙ্গে কোনও রাজনৈতিক সমঝোতা হচ্ছে না বলেও স্পষ্ট করেছেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক।
এদিকে, আসন্ন নির্বাচনে সেলিম নিজে মুর্শিদাবাদের জলঙ্গি কেন্দ্র থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও সে বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। সেলিমের কথায়, “জলঙ্গিতে প্রার্থী হলে তো জলঙ্গিতেই থাকতাম, বহরমপুরে আসতাম না। গোটা রাজ্য বামফ্রন্টকে চাইছে।”
প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি জানান, অভিজ্ঞদের পাশাপাশি এবার তরুণ মুখকেও গুরুত্ব দেওয়া হবে।


