ঢাকা: বৃহস্পতির সকাল সাড়ে ৭ টায় শুরু হয়েছে বাংলাদেশের (Bangladesh) সংসদীয় নির্বাচন। বেলা গড়াতেই দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক হিংসার ঘটনা সামনে উঠে আসছে। জানা গিয়েছে, মুন্সিগঞ্জ-৩ আসনের মাকহাটি গুরুচরণ উচ্চবিদ্যালয়ের সামনে প্রায় ১০-১২ টি ককটেল বিস্ফোরণ ঘটে।
জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির ক্ষমতা দখলের লড়াইয়ে কেঁপে ওঠে মুসিগঞ্জের সদর উপজেলার ওই ভোটকেন্দ্র। অন্যদিকে, খুলনার একটি ভোটকেন্দ্রে জামাত-সমর্থকদের হাতে বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি খুন হয়েছেন বলে অভিযোগ। যদিও হৃদরোগে আক্রান্ত হয়ে ওই নেতা মারা গিয়েছেন বলে দাবী জামাতের।
বুথ এজেন্টদের উপর হামলা চলছে বলে পাল্টা অভিযোগ তুলেছে জামাত। সকাল সাড়ে ৯ টা নাগাদ সাংবাদিক বৈঠকে জামাত দাবী করেম, সামগ্রিক পরিবেশ শান্ত থাকলেও তাঁদের বুথ এজেন্টদের উপর হামলা করা হচ্ছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবী করেছে শফিকুর রহমানের দল। অন্যদিকে, ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার অভিযোগ, তাঁর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছেন প্রিসাইডিং অফিসার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবেড়িয়া ও রাজশাহীতে হিংসার ঘটনা সামনে এসেছে। হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানার সঙ্গে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের খেজুর গাছ প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি, রাজশাহীর পুঠিয়ায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর উঠে এসেছে।
ব্রাহ্মণবেড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। মৃতের নাম মহম্মদ মোজাহিদুল ইসলাম (৪৮), পেশায় শিক্ষক। জানা গিয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়া শুরুর কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাঁকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশে নির্বাচন
প্রসঙ্গত, বাংলাদেশ (Bangladesh) জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ টিতে চলছে ভোটগ্রহণ। একটি আসন, শেরপুর-৩ এ প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়েছে। মোট ৫০ টি নথিভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত দল ভোটে লড়ছে। মোট প্রার্থীর সংখ্যা প্রায় ২০২৮ জন। জাতীয় সংসদীয় নির্বাচনের পাশাপাশি চলছে জুলাই সনদের গণভোট। তবে লড়ছে না ‘নিষিদ্ধ’ ঘোষিত দল শেখ হাসিনার আওয়ামী লিগ।


