স্নেহা পাল, নয়াদিল্লি : প্রায় দেড় বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে গিয়েছিল। পদত্যাগের পর শেখ হাসিনা (Sheikh Hasina) ভারতে আশ্রয় নেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এবার বাংলাদেশে ক্ষমতায় ফিরে BNP ফের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তোলে।
BNP নেতৃত্বের বক্তব্য, তারা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, তবে শেখ হাসিনাকে (Sheikh Hasina) ভারতে আশ্রয় দেওয়া নিয়ে জনমতের বিষয়টিও দিল্লিকে বুঝতে হবে। তাদের মতে, গত দেড় দশকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল মূলত ভারত সরকার ও শেখ হাসিনার মধ্যে, দুই দেশের জনগণের মধ্যে নয়।
এই প্রেক্ষাপটে BNPর তরফে জানানো হয়েছে, শেখ হাসিনাকে (Sheikh Hasina) বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা হতে পারে। দলের শীর্ষস্থানীয় নেতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী, আইনি ও বিচারিক কাঠামোর মধ্য দিয়েই হাসিনার প্রত্যাবর্তনের প্রসঙ্গ উত্থাপিত হবে।
অন্যদিকে শেখ হাসিনা (Sheikh Hasina) সাম্প্রতিক নির্বাচনকে অবৈধ বলে দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের “কলঙ্কজনক অধ্যায়” আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তাঁর অভিযোগ, প্রশাসনিক প্রভাব ও সংখ্যাগত কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
উল্লেখ্য, BNP সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সফরের সময় হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে তোলা হবে কি না, তা নিয়ে চলছে জল্পনা।


