স্নেহা পাল, উওর ২৪ পরগনা : শুক্রবার দুপুরে হঠাৎই সল্টলেক সেক্টর ফাইভের আকাশ কালো ধোঁয়ায় ভরে ওঠে। ব্যস্ত আইটি চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিট নাগাদ আগুন লাগে সল্টলেকের সেক্টর ফাইভে গ্লোবসিন ক্রিস্টালস ভবনের নিচতলার একটি রেস্তরাঁয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বহুতল।
এই বহুতলে একাধিক বহুজাতিক সংস্থা ও অফিস রয়েছে, যেগুলির অনেকগুলোই ২৪ ঘণ্টা চালু থাকে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্পূর্ণ ভবন খালি করে দেওয়া হয়।
ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন এক বহুজাতিক সংস্থার মহিলা কর্মী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকল ও জরুরি পরিষেবার এক আধিকারিক জানান, ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দমকলের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ও এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে।


