Aaj India Desk, কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা ও গুজবের কড়া প্রতিবাদ জানালেন CPM নেতা ও আইনজীবী সায়ন ব্যানার্জি।
বৃহস্পতিবার সমাজ মাধ্যমে সায়ন ব্যানার্জি স্পষ্ট করে জানান, তিনি কোনওভাবেই দল ছাড়ছেন না। তাঁর দাবি, গত ১৭ ফেব্রুয়ারি বিজেপির তরফ থেকে তিনবার তাঁর কাছে ফোন আসে। সেই ফোনে রাজ্যের দায়িত্বে থাকা এক পর্যবেক্ষক ও এক রাজ্য নেতার সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি ভদ্র ও স্পষ্ট ভাষায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তিনি লেখেন, যে রাজনৈতিক মতাদর্শে তিনি বিশ্বাস করেন, তা বিজেপির মতাদর্শের সম্পূর্ণ বিপরীত। তাই এই ধরনের প্রস্তাব গ্রহণ করার কোনও প্রশ্নই নেই। বিষয়টি তিনি তাঁর দলের নেতৃত্বকেও জানিয়েছেন বলে উল্লেখ করেন।
এদিকে, বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য নেতার বক্তব্য অনুযায়ী, এই ফোন বিজেপির নয়, বরং আইপ্যাক থেকে হয়ে থাকতে পারে। এই প্রসঙ্গে IPAC তৃণমূল কংগ্রেস ও বিজেপির জন্যই কাজ করে তা ওই নেতারা পরোক্ষভাবে স্বীকার করছেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি জানান, সংসদীয় গণতন্ত্রে সৌজন্যে বিশ্বাসী হওয়ায় তিনি ফোন রেকর্ড করেননি এবং ফোন নম্বরও প্রকাশ করেননি। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন, তাহলে তিনি প্রয়োজনে নম্বর প্রকাশ করতে প্রস্তুত। তবে এই বিষয়ে বিজেপির তরফে এখনো কোনও পাল্টা মন্তব্য করা হয়নি।
একই সঙ্গে একাংশের সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সায়ন ব্যানার্জি। তাঁর অভিযোগ, খবরের ভিতরে প্রস্তাব প্রত্যাখ্যানের কথা থাকলেও শিরোনামে ‘দল ছাড়ছেন সায়ন’ লেখা হয়েছে, যা বিভ্রান্তিকর।
সায়ন ব্যানার্জির মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের গুজব ছড়িয়ে CPM কর্মী-সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা চলছে। উল্লেখ্য, সিপিএম বুথ স্তর থেকে সর্বস্তরে একটি নতুন তরুণ প্রজন্ম তৈরি করেছে বলেও তিনি দাবি করেন। সেই কারণেই রাজনৈতিকভাবে এই ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলে তাঁর অভিযোগ।


