Aaj India Desk, উত্তর ২৪ পরগণা : শঙ্খধ্বনি, উলুধ্বনির মাঝে একেবারে চেনা বাঙালি বিয়ের আয়োজন। কিন্তু উত্তর ২৪ পরগনার হাবরার (Habra) সেই পরিচিত আসরের মাঝেই ছিল ভিন্ন মাত্রা। বাঙালি বিয়ের আসরের কনে এবার খোদ লন্ডনের ‘রয়্যাল’ !
পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তর হাবরার (Habra) বাদামতলা এলাকার বাসিন্দা আশীষ কুমার ঘোষের ছেলে আকাশ ঘোষ পড়াশোনার সূত্রে কয়েক বছর আগে লন্ডনে যান। সেখানেই লন্ডনের রয়্যাল পরিবারের মেয়ে ন্যাটালিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। কোভিড সময়ে সেই পরিচয় আরো গভীর হয় এবং প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন।
বিদেশি তরুণী নিজেই বাঙালি রীতি মেনে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন বলে জানিয়েছে ঘোষ পরিবার। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই হাবরায় আয়োজিত হয় সম্পূর্ণ বাঙালি মতে বিবাহ অনুষ্ঠান। বিয়ের পর কনে নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘ন্যাটালিয়া ঘোষ’।
বিয়ের অনুষ্ঠানে লন্ডন থেকে আসেন প্রায় ২৫ জন বিদেশি অতিথি। তাঁদের অনেকেই শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নেন। বাঙালি সাজ ও পাশ্চাত্য পোশাকের মিলনে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।
বিয়ের মেনুতেও ছিল বাঙালি ও বিদেশি খাবারের সমন্বয়। মাছ, মাংস, বিভিন্ন ঐতিহ্যবাহী পদ ও রসগোল্লার পাশাপাশি অতিথিদের জন্য রাখা হয়েছিল বিদেশি পদ ও মকটেল। সকাল থেকে উপোস থেকে হিন্দু রীতি মেনে সমস্ত আচার পালন করেন কনে।
পরিবারের সদস্যরা জানান, এই বিয়ে তাঁদের কাছে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। পাশাপাশি হাবরার (Habra) স্থানীয় বাসিন্দাদের ভিড় ও আগ্রহে সকাল থেকেই উৎসবের পরিবেশ তৈরি হয় এলাকায়। স্থানীয়দের মতে, বাঙালি আচার-অনুষ্ঠানকে সামনে রেখে আন্তর্জাতিক এই বিবাহ অনুষ্ঠান এলাকায় বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। দুই সংস্কৃতির মিলনে এই বিয়ে একটি নজির স্থাপন করল বলে মনে করছেন অনেকে।


