Aaj India Desk, কলকাতা : স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তনের ১২৯তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শিয়ালদহ রেলওয়ে স্টেশন চত্বরে।
১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি বিদেশ সফর শেষে দেশে ফিরে পাশ্চাত্যে ভারতীয় দর্শনের বিজয়বার্তা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)। সেই স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই দিনভর আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে স্টেশন এলাকা।
অনুষ্ঠানটির আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের DRM রাজীব সাক্সেনা এবং আদ্যাপীঠ মন্দিরের সভাপতি ব্রহ্মচারী মুরাল ভাই।
আয়োজকরা জানান, ১৯৮৮ সাল থেকে স্বামী বিবেকানন্দের ‘কলকাতা প্রত্যাবর্তন দিবস’ বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে। প্রতি বছর এই উপলক্ষে নানা সাংস্কৃতিক ও ভাবনামূলক কর্মসূচির আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখার ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেন। স্বামীজির বাণী পাঠ, ভক্তিগীতি ও দেশাত্মবোধক গানের মাধ্যমে স্টেশন চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি বহন করা হয় ও তার সাথে তাঁর বাণী উচ্চারিত হয়। বহু যাত্রী ও সাধারণ মানুষ কিছু সময়ের জন্য দাঁড়িয়ে এই বিশেষ দৃশ্য প্রত্যক্ষ করেন।
শেষে স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। আয়োজকদের মতে, ১৯ ফেব্রুয়ারিকে কলকাতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণ করানো এবং নতুন প্রজন্মের কাছে স্বামীজির আদর্শ পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।


