Aaj lndia Desk,হুগলি: ব্যান্ডেল নিউ মসজিদ এলাকায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব। গতকাল রাত প্রায় দুটো নাগাদ স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কর্মী প্রদীপ ঝাঁ-র বাড়িতে হানা দেয় একদল হামলাকারী। অভিযোগ, তাঁর স্করপিও গাড়ির কাচ চূর্ণবিচূর্ণ করার পাশাপাশি বাড়ির জানলাতেও ভাঙচুর চালানো হয়। আচমকা এই হামলায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রদীপ ঝাঁ।
প্রদীপের দাবি, গভীর রাতে আচমকা কাচ ভাঙার বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁর। চোখ খুলতেই দেখেন, জানলার ভাঙা কাচ এসে পড়েছে সরাসরি তাঁর খাটের উপর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি ও তাঁর পরিবার।পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার সিসিটিভি ফুটেজে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। ফুটেজে আরও দেখা যায়, তারা বাড়ির দিকে ঢিল ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তৃণমূল কর্মী প্রদীপ ঝাঁ অভিযোগ করেছেন, এই হামলার পিছনে এলাকার বিজেপি কর্মীরাই জড়িত। তাঁর দাবি, অভিযুক্তদের সঙ্গে চুঁচুড়ার বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।প্রদীপের কথায়,”আগে বিধায়ক অসিত মজুমদারের প্রভাবের কারণে এই দুষ্কৃতীরা চুপ ছিল। কিন্তু ভোটের আগে প্রার্থী বদল হতেই তারা আবার সক্রিয় হয়ে উঠেছে।” নির্বাচনের মুখে এমন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে বিজেপি। দলের দাবি, ঘটনাটি নিছকই ব্যক্তিগত বিবাদের ফল, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বরং তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। বিজেপির স্পষ্ট বক্তব্য, এই ঘটনার সঙ্গে দলের কোনওরকম সংশ্লিষ্টতা নেই।


