Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা নিয়ে তৎপরতা বাড়িয়েছে বিজেপি (BJP)। ইতিমধ্যেই ১৪৪টি আসনের প্রার্থী ঘোষণা করার পর বাকি আসনগুলির জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে খবর, কলকাতা ও আশপাশের গুরুত্বপূর্ণ আসনে নতুন মুখ আনার কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
দলীয় সূত্র অনুযায়ী, খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে কলকাতা বা তার পার্শ্ববর্তী কোনও গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করা হতে পারে। পাশাপাশি, একাধিক কলকাতা কেন্দ্রের জন্য মহিলা মুখ হিসেবে কেয়া ঘোষের নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
যুব নেতৃত্বে নজর বিজেপির
এছাড়াও, বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানের নামও কলকাতার একটি আসনের জন্য প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। শহুরে ভোটব্যাঙ্কে প্রভাব বাড়াতে যুব নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে দল।
সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক
অন্যদিকে, বিজেপির (BJP) দ্বিতীয় প্রার্থী তালিকায় কোনও সংখ্যালঘু মুখ রাখা হচ্ছে না বলেই ইঙ্গিত মিলেছে দলীয় মহল থেকে। বিজেপির প্রথম তালিকাতেও কোনো মুসলিম প্রার্থীর নাম ছিল না। সেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বৈষম্যের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। তাদের দাবি, তালিকায় এক জনও মুসলিম প্রার্থী না থাকা ধর্মের ভিত্তিতে বিভাজনের ইঙ্গিত দেয়। এটি রাজ্যের সামাজিক বাস্তবতাকে অগ্রাহ্য করার সামিল। বিজেপির প্রার্থীর দ্বিতীয় তালিকাতেও সেই ধারা বজায় থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
রাজনৈতিক মহলে বাড়ছে উত্তাপ
সূত্রের খবর, বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপির (BJP) একটি উচ্চপর্যায়ের বৈঠক হতে পারে। সেই বৈঠকেই প্রায় ১৫০ জন প্রার্থীর দ্বিতীয় তালিকা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের মতে, প্রথম তালিকা প্রকাশের পর যে বিতর্ক শুরু হয়েছে, দ্বিতীয় তালিকা প্রকাশের পর তা আরও তীব্র হতে পারে। বিশেষ করে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণার আগেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে তা বলাই বাহুল্য।


