কলকাতা: বসন্ত উৎসবের আগে রাজ্যে কালো মেঘের ঘনঘটা। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী সোমবার ভোররাতে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা। মঙ্গলবার সকাল থেকে আকাশের মুখ ভার। মাঝেমধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে শহরে। এদিন কলকাতা-হাওড়া সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather office)।
জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির আগাম সতর্কতা জারি হয়েছে (Weather Update)। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসের সম্ভাবনা। কলকাতাতে দুপুরের মধ্যে নামতে পারে ঝেঁপে বৃষ্টি। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সম্ভাবনা (Weather Update) বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও। সপ্তাহের কাজের দিনে বৃষ্টির কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েই বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি, বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের তলা বা বৈদ্যুতিন তার বা পলের কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


