স্নেহা পাল, কলকাতা : ফেব্রুয়ারির শুরুতেই আবহাওয়ার (Weather) আচমকা বদল হওয়ায় চিন্তায় রাজ্যবাসী। শীত-গরমের দোলাচলে কলকাতা-সহ গোটা রাজ্যে রয়েছে অস্থিরতা।
কলকাতায় ফের নামছে পারদ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আগামী দু’দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। রবিবার শহরে পারদ আরও ১-২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৬ ডিগ্রির আশেপাশে। সকালের দিকে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতে ঠান্ডা পড়তে পারে।
শীত-গরমের চাপে দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রা ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। মেঘলা আকাশ থাকলেও মেঘ কেটে গেলে শীতের অনুভূতি আরও বাড়বে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঠান্ডা বেশি অনুভূত হবে। তবে সকাল থেকে দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গে বজায় শীতের দাপট
উত্তরবঙ্গেও শীতের দাপট স্পষ্ট। সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৩ ডিগ্রির মধ্যে থাকবে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় পারদ ৪ থেকে ৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
আবহাওয়ার দোলাচলে বাড়ছে রোগ
এই আবহাওয়ার অস্থিরতার প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে। সরকারি ও বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট যুক্ত রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকদের মতে, তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।
শিশু ও প্রবীণদের বাড়তি সতর্কতার পরামর্শ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আবহাওয়ার (Weather) হঠাৎ পরিবর্তনে ভাইরাল সংক্রমণ দ্রুত ছড়ানোর আশঙ্কা বাড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ নাগরিক ও যাঁদের আগে থেকেই শ্বাসকষ্ট বা হৃদরোগের সমস্যা রয়েছে, তাঁদের বাড়তি সতর্কতা প্রয়োজন বলে জানানো হয়েছে।
তবে আপাতত আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


