কলকাতা: টলিউডে জমে উঠছে ক্ষোভ, চড়ছে প্রতিবাদের সুর। প্রিয় সহকর্মীর অকালপ্রয়াণে শোক এখনও তাজা। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির (Rahul Arunoday Banerjee) প্রয়াণে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানে সরব হয়ে উঠছেন টলিপাড়ার শিল্পী মহল। সোশ্যাল মিডিয়া থেকে রাস্তা, সব জায়গাতেই জোরালো হচ্ছে বিচারের দাবীর আওয়াজ।
ইতিমধ্যেই একাধিক অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা পথে নামার ইঙ্গিত দিয়েছেন। সংগঠিত প্রতিবাদের প্রস্তুতি চলছে বলেই সূত্রের খবর। শনিবার বিকেল ৪ টেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ এই মিছিল শুরু হবে। উপস্থিত থাকবেন টলিউড থেকে বাংলা টেলিভিশন জগতের শিল্পীরা, বলে মনে করা হচ্ছে।
বিবৃতি দিয়েছে আর্টিস্ট ফোরাম
একের পর এক বিতর্কিত মন্তব্যে মূল প্রশ্ন চাপা পড়ে যাচ্ছে বলেই গতকাল বিবৃতি দিয়ে অভিযোগ তুলেছে আর্টিস্ট ফোরাম। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কেন বিপজ্জনক জায়গায় শ্যুটিং করা হল, এবং শিল্পীদের নিরাপত্তায় প্রযোজনা সংস্থার ভূমিকা কতটা ছিল? এই সব প্রশ্নেরই স্পষ্ট জবাব চাইছেন সহকর্মীরা। আর্টিস্ট ফোরাম ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে। সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। সন্তোষজনক উত্তর না মিললে পরবর্তী কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না তারা।
বিবৃতি দিয়েছে প্রযোজনা সংস্থাও
“ভোলেবাবা পাড় করেগা” সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সও গতকাল বিবৃতি জারি করে। তাদের দাবি, রাহুল (Rahul Arunoday Banerjee) কতক্ষণ জলে ছিলেন তা নিয়ে ছড়ানো দীর্ঘ সময়ের তথ্য সঠিক নয়। প্রত্যক্ষদর্শীদের মতে, জল থেকে তোলার সময় তিনি জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন। দ্রুত উদ্ধার করে প্রথমে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসক না থাকায় পরে দিঘা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সংস্থার মতে, প্রথম জায়গাতেই যথাযথ চিকিৎসা মিললে বাঁচার সম্ভাবনা বেশি থাকতে পারত।
এখন প্রশ্ন উঠছে—এই আন্দোলন কি টলিউডের ইতিহাসে এক নতুন মোড় আনতে চলেছে?


