স্নেহা পাল, কলকাতা : রাত তখন প্রায় সাড়ে এগারোটা। ওয়াটগঞ্জের একটি ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যুবকের হাতে একটি সাধারণ ব্যাগ। কিন্তু ব্যাগ খুলতেই বদলে যায় পরিস্থিতি।
২০২২ সালের ১৭ অক্টোবর গভীর রাতে গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল গোপন সূত্রে খবর পেয়ে ওয়াটগঞ্জ থানার সত্য ডক্টর রোড এলাকায় নজরদারি চালায়। সাব-ইনসপেক্টর সায়ন বিশ্বাসের নেতৃত্বে একটি টিম সেখানে লুকিয়ে থাকে। পুলিশের কাছে খবর ছিল, ওই রাতে বড়সড় মাদক (Drugs) সরবরাহ হতে পারে।
সারদা ভবনের সামনেই এক যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি চালানো হয়। তার ব্যাগ থেকে ১২টি আয়তাকার বাদামি-কালচে স্ল্যাব উদ্ধার হয়। পরীক্ষায় সেগুলি নিষিদ্ধ মাদক (Drugs) চরস বলে প্রমাণিত হয়। উদ্ধার হওয়া চরসের মোট ওজন ছিল ৩.০৬৪ কেজি।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের (Drugs) পরিমাণ ‘কমার্শিয়াল কোয়ান্টিটি’র আওতাভুক্ত যার বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ধৃত যুবকের নাম শেখ নুরউদ্দিন। বাড়ি একবালপুর এলাকায়। তার বিরুদ্ধে NDPS Act অনুযায়ী মামলা দায়ের করা হয়। তদন্তের দায়িত্বে ছিলেন নারকোটিক্স সেলের সাব-ইনসপেক্টর কুহেলি সরকার। তদন্ত চলাকালীন নিয়মমাফিক কেমিক্যাল পরীক্ষা, সাক্ষ্যগ্রহণ এবং নথিপত্র সংগ্রহ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা পড়ে।
সম্প্রতি মামলার রায় ঘোষণা করে আদালত। অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। জরিমানা না দিতে পারলে অতিরিক্ত এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়।


