Aaj India Desk, কলকাতা : সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে বোমা হুমকির ঘটনা সামনে এসেছে। কয়েক দিন আগেই রাজ্যের একাধিক আদালতে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। কিন্তু শুক্রবার খোদ ভিক্টোরিয়াকেই (Victoria Memorial) নিশানা করল বোমা হুমকিকারীরা।
সূত্রের খবর, শুক্রবার দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) কর্তৃপক্ষের কাছে একটি চিঠি আসে। আগের মতোই সেই চিঠিতেও বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। চিঠি পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানো হয় এবং দ্রুত হেস্টিংস থানাকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে। লালবাজারের বোম্ব স্কোয়াডের একটি বিশেষ দলও ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। আপাতত গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি কলকাতার পাসপোর্ট অফিসেও বোমা আতঙ্ক ছড়ায়। সেই সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো ভবন খালি করে দেওয়া হয়েছিল। তবে সব ক্ষেত্রেই হুমকিগুলি ভুয়ো প্রমাণিত হয়েছিল। অন্যদিকে, ৬ মার্চ মেদিনীপুর জেলা আদালতেও বোমা আতঙ্ক ছড়ায়। জেলা বিচারকের দফতরে একটি ইমেল পৌঁছানোর পর আদালত কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। কোতোয়ালি থানার পুলিশ এবং পরে বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ধাতব ডিটেক্টর ও স্নিফার কুকুর দিয়ে তল্লাশি চালায়। যদিও দীর্ঘ তল্লাশির পর সেখানে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
তবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমা হামলার হুমকিতে সাবধান হয়েছে প্রশাসন। শহরের প্রতীককেই উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা।


