স্নেহা পাল, কলকাতা : নাজিরাবাদের (Nazirabad) অগ্নিকাণ্ডের ঘটনাস্থল ও তার আশপাশের ১০০ মিটারের মধ্যে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করল প্রশাসন।
নাজিরাবাদের (Nazirabad) জোড়া কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। সেই প্রেক্ষিতেই আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাজিরাবাদে যাওয়ার কথা ছিল। তিনি প্রায় ২০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছিলেন। পরিদর্শনের পর নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) পর্যন্ত মিছিল করার কর্মসূচিও রয়েছে তাঁর। এই সফরের আগেই নাজিরাবাদ (Nazirabad) ও তার আশেপাশের এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে।
প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নাজিরাবাদের (Nazirabad) ঘটনাস্থলে জমায়েত হলে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উদ্ধার ও দমকল কাজেও ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে পুলিশ।
উল্লেখ্য, সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম (Firdousi Begum)। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। দমকলের ডিজি ও এডিজিসহ ঊর্ধ্বতন আধিকারিকরাও তদন্তে যুক্ত রয়েছেন। বর্তমানে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তদন্ত ও উদ্ধার কাজ চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই নিষেধাজ্ঞা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


