স্নেহা পাল, কলকাতা: এতদিন ধরে সমাজ মাধ্যম ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীকে ঘিরে বেশ উত্তপ্ত ছিল। তার রেশ কাটতে না কাটতেই আরেকটি নতুন ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে।
বাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘Nonsane’ ওরফে শমীক অধিকারী সম্প্রতি ‘বাটন’ নামক রিল তৈরি করে বিশেষ চর্চায় এসেছিলেন। এবার তাঁর বিরুদ্ধেই গুরুতর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ২২ বছরের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগকারিণীর দাবি, গত ২ ও ৩ ফেব্রুয়ারি তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে জোরপূর্বক আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী বুধবার কোনওক্রমে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর লিখিত অভিযোগে উল্লেখ, শমীক তাঁকে ঘরে তালাবন্ধ করে রাখেন এবং মানসিক নির্যাতনের পাশাপাশি মারধর ও তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নিগ্রহ চালান।
এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শমীকের অনুরাগী মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শমীকের পূর্বের একটি ভিডিও বক্তব্যের প্রসঙ্গ টেনে এনেছেন, যেখানে তিনি রাজ্যে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
অন্যদিকে শমীক অধিকারী নিজে অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে অভিযোগকারিণী ও তার মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে তাঁরা জানিয়েছেন।


