Aaj India, কলকাতা: কলকাতার শিক্ষাঙ্গনে ফের ধর্মীয় উৎসব ঘিরে উত্তেজনার আবহ। বছর দু’য়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-এ রামনবমী (Ram Navari) ঘিরে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল, তার স্মৃতি এখনও টাটকা। সেই প্রেক্ষাপটেই এ বছর নজর ছিল শহরের আরেক শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)-এর দিকে।
এবার রামনবমী (Ram Navari) উপলক্ষে ক্যাম্পাসের ভিতরে পুজোর আয়োজন করতে চেয়েছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) সমর্থিত ছাত্রছাত্রীরা। পাশাপাশি, মিছিল করার অনুমতিও চাওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দেয়। আর তাতেই সকাল থেকেই ক্যাম্পাসে চাপানউতোরের পরিবেশ তৈরি হয়।
পরিস্থিতি আরও জটিল হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। অনুমতি না মেলায় শেষ পর্যন্ত ক্যাম্পাসের গেটের বাইরে রামের মূর্তি এনে পুজো শুরু করেন উদ্যোক্তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানায়, ক্যাম্পাসের ভিতরে কেবলমাত্র সরস্বতী পুজোর অনুমতিই রয়েছে, অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠান নয়। অন্যদিকে, এক ছাত্র উদ্যোক্তার বক্তব্য, “যদি ইফতার পালিত হতে পারে, তাহলে রামনবমীও (Ram Navari) হওয়া উচিত ছিল। তবে আমরা শান্তিপূর্ণভাবে বাইরে থেকেই পুজো করছি।”
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ দু’বছর আগে রামনবমী ঘিরে উত্তেজনা চরমে ওঠে। সংঘর্ষে রক্তারক্তির পরিস্থিতি তৈরি হয়, এমনকি উপাচার্যও আহত হন। যদিও গত বছর থেকে সেখানে নির্বিঘ্নেই পালিত হচ্ছে রামনবমী।


