Aaj India Desk,কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro)র ব্লু লাইন শহরের অন্যতম প্রধান সংযোগ পথ। দ্রুতগতিতে উত্তর থেকে দক্ষিণে যাতায়াতের ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য রুট। প্রতিদিন অসংখ্য মানুষ এই লাইনে যাত্রা করেন। শুধু অফিস টাইমের ভিড় নয়, সারাদিনই ব্লু লাইনের মেট্রো যাত্রীতে পূর্ণ থাকে।
শনিবার দুপুর ১টা ৬ মিনিটের দিকে কালীঘাট মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করার ঘটনা ঘটে। ঘটনার কারণে কিছুক্ষণ ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত চলছিল সীমিত পরিষেবা। কলকাতা মেট্রো (Kolkata Metro)র পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুপুর দিকে রেল কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, ১টা ২৯ মিনিট থেকে ব্লু লাইনে আবার স্বাভাবিকভাবে মেট্রো চলাচল শুরু হয়েছে।
দুপুরে কালীঘাট মেট্রোর আপ লাইনে ট্রেন ঢোকার সময় এক যাত্রী হঠাৎ ঝাঁপ দেন বলে অভিযোগ। ঘটনার পর কর্তৃপক্ষ থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু করেন। এর ফলে প্রায় ২০ মিনিট ধরে পরিষেবা ব্যাহত হয়, যাত্রীদের বিশাল অস্বস্তিতে পড়তে হয়। একাধিক স্টেশনে ট্রেন থেমে থাকে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক এবং মেট্রো চলাচল আবার শুরু হয়েছে।
তবে উদ্বেগের বিষয় হলো, মেট্রোতে যাত্রীরা বারবার ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এটি কোনো একবারের ঘটনা নয়। কিন্তু এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মেট্রোর তরফে তৎপরতা কেন যথেষ্ট দেখা যায় না, সেটাই প্রশ্নবিদ্ধ। নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তা এবং জরুরি প্রতিক্রিয়ার প্রক্রিয়া আরও শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


