কলকাতা: ডিগ্রি আছে, চাকরি নেই! সপ্তাহের প্রথম দিন ফের রাজপথে NIOS চাকরিপ্রার্থীরা। ভাতা দিয়ে কি হবে? চাকরি চাই! এই দাবীতে বিকাশভবন অভিযান NIOS উত্তীর্ণদের। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবী তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের আটকাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধস্তি!
তাঁদের অভিযোগ, ডিএলএড পাশ করার পরেও কেন প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না? ন্যাশানাল ইন্সটিটিউট অব ওপেন স্কুলিং-উত্তীর্ণ বিক্ষোভকারীরা বলেন, “প্রাইমারি শিক্ষকদের মানুষ বলে মনে করে না। নিয়োগ প্রক্রিয়ায় আমাদের কেন ইন্টারভিউ দিতে দেওয়া হবে না? চাকরি দিচ্ছে না, ভাতা নিয়ে আমরা কি করব?” “নো জব, নো ভোট” লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
“উই ওয়ান্ট জাস্টিস” বলে স্লোগান তুলে বিকাশভবনের দিকে এগোতে থাকেন তাঁরা। পুলিশের তরফে বিক্ষোভকারীদের ডেপুটেশন থাকলে তা শান্তিপূর্ণভাবে জমা দিতে বলা হয়। তবে চাকরিপ্রার্থীদের দাবী, তাঁদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে দিতে হবে।
যুবসাথী নিয়ে ক্ষোভ
প্রসঙ্গত, অন্তর্বর্তী বাজেটে ঘোষণার পর রবিবার থেকে রাজ্যের ২৯৪ টি স্থানে যুবসাথী রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। স্নাতক-স্নাতকোত্তর, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাও বেকার ভাতার ফর্ম ফিলাপে লাইনে দাঁড়িয়েছেন। রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশার বাস্তবিক চিত্র ফুটে উঠছে বলে সুর চড়িয়েছে বিরোধীরা।
অন্যদিকে, যুবসাথীর (Yuvasathi) ফর্ম নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো যুবক যুবতীদেরও বক্তব্য, ভাতা সাময়িক সমাধান। কিন্তু কর্মসংস্থানের কোনও বিকল্প নেই। এদিন বিকাশ ভবন অভিযানে NIOS উত্তীর্ণ বিক্ষোভকারীদেরও একই বক্তব্য। ভাতার পরিবর্তে চাকরি চাই। ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ তুলে বিকাশভবন অভিযান করছেন তাঁরা।


