স্নেহা পাল, কলকাতা : ভারতে ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততই নীরবে বাড়ছে Cyber অপরাধের পরিসর। এক ক্লিকের ভুলে মুহূর্তে উধাও হয়ে যাচ্ছে সঞ্চয় করা টাকা। ভুয়ো ফোন কল বা লিঙ্কের ফাঁদে পড়ছেন হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে এবার সক্রিয় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।
২৪ ঘণ্টার ডিজিটাল সহায়তা
নাগরিকদের দ্রুত সহায়তার জন্য কলকাতা পুলিশ মঙ্গলবার লালবাজারে ২৪ ঘণ্টার Cyber হেল্পলাইন চালু করে। ‘ডিজিটাল প্রহরী’ নামে এই টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-০০৬৬-এ ফোন করে প্রতারণার পর অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা।
Golden Hour এ দ্রুত পদক্ষেপ
লালবাজারে কলকাতা পুলিশের সাইবার পুলিশ স্টেশনে হেল্পলাইনটির উদ্বোধন করেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। তিনি জানান, Cyber অপরাধে সময়ই সবচেয়ে বড় শত্রু। প্রতারণার পর প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই টাকা দ্রুত একাধিক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যায়।
সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের (NCRP) ১৯৩০ নম্বরে অভিযোগ জানাতেও এই হেল্পলাইন থেকে সহায়তা করা হবে। যত দ্রুত সম্ভব প্রতারিত অর্থ ফেরানোই পুলিশের লক্ষ্য।
সাইবার প্রতারণা রুখতে বিশেষ সেল
হেল্পলাইনের পাশাপাশি চালু করা হয়েছে একটি বিশেষ ব্লকিং সেল। এই ইউনিটের কাজ হবে Cyber অপরাধে ব্যবহৃত ফোন নম্বর, সিম কার্ড, আইপি অ্যাড্রেস, ইউআরএল এবং ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করে দ্রুত ব্লক করা, যাতে ভবিষ্যতে একই উপায়ে আর অপরাধ না ঘটে।
সচেতনতা বাড়াতে নিউজলেটার
পাশাপাশি সাইবার সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ প্রকাশ করেছে মাসিক নিউজলেটার ‘সাইবার পাস’। এতে অনলাইন নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা এবং নতুন ধরনের সাইবার অপরাধের প্রবণতা সম্পর্কে তথ্য দেওয়া হবে।
কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, প্রতি মাসে গড়ে ১,০০০ থেকে ১,২০০টি সাইবার অপরাধের অভিযোগ আসে। এর প্রায় ৮০ শতাংশ আর্থিক প্রতারণা সংক্রান্ত এবং বাকি ২০ শতাংশ সোশ্যাল মিডিয়া অপব্যবহার সংক্রান্ত। সেই অপরাধ বন্ধ করতে এবার বদ্ধপরিকর কলকাতা পুলিশ।


