কলকাতা: চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্পে দেরি ও অজুহাত নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই প্রকল্পে আর গড়িমসি নয়! সাফ জানিয়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, কলকাতা হাই কোর্ট-এর নির্ধারিত সময়সীমা মেনেই বকেয়া কাজ সম্পন্ন করতে হবে। কলকাতা হাইকোর্টের রায়ে কোনও ত্রুটি নেই বলে মামলা খারিজ করার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির বেঞ্চ। “উন্নয়নের থেকে রাজনীতির দিকে বেশি নজর দেওয়া হচ্ছে” বলে ভর্ৎসনা করল শীর্ষ আদালত।
ফেব্রুয়ারি মাসে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) জট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিপুল মনুভাই পঞ্চোলীর বেঞ্চে। কিন্তু এই মামলায় হস্তক্ষেপ করতে চাইল না শীর্ষ আদালত। পরিবর্তে সময় দিয়ে মামলা তুলে নিতে বলল। নয়ত খারিজ করে দেওয়া হবে বলে স্পষ্ট জানালো শীর্ষ আদালতের বেঞ্চ। তিনি জানিয়ে দেন, কলকাতা হাই কোর্ট-এর নির্দেশ মেনেই নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া কাজ শেষ করতে হবে।
চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরেই জটের মুখে। মাত্র ৩১৬ বর্গমিটার জমির অভাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারণ আটকে রয়েছে। ওই অংশে কাজ সম্পূর্ণ করতে ই এম বাইপাসে সাময়িক যান নিয়ন্ত্রণ প্রয়োজন হলেও, অভিযোগ—রাজ্য সরকার এখনও অনুমতি দেয়নি, ফলে প্রকল্পের অগ্রগতি থমকে আছে।
এ নিয়ে কলকাতা হাই কোর্ট রাজ্য সরকার, কলকাতার পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের শীর্ষ আধিকারিকদের দ্রুত ‘এনওসি’ দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশে মেট্রো কর্তৃপক্ষ, রাজ্য এবং নির্মাণকারী সংস্থার মধ্যে একাধিক বৈঠকও হয়, কিন্তু কোনও সমাধান বেরোয়নি।
নির্মাণকারী সংস্থার দাবি, সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে চিংড়িঘাটার (Chingrighata Metro) বাকি কাজ শেষ করতে প্রায় ন’মাস সময় লাগবে। তবে হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও ‘এনওসি’ মেলেনি বলে অভিযোগ। আগে বর্ষবরণ ও গঙ্গাসাগর মেলা-র জন্য, আর এখন নির্বাচনের কারণে যান নিয়ন্ত্রণ সম্ভব নয়—এমন যুক্তি দিয়েছে রাজ্য। রাজ্যের এই অবস্থানেই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, হাই কোর্টের নির্দেশ মেনেই কাজ এগোতে হবে।


