Aaj India Desk, কলকাতা : প্রায়শই নানান বৈদ্যুতিক কারণে থেমে যায় মেট্রো। ব্যস্ত সময়ে অসুবিধার সম্মুখীন হন সাধারণ মানুষ। কিন্তু এবার সেই অসুবিধা রুখতে নতুন ব্যবস্থা চালু করলো কলকাতা মেট্রো (Kolkata Metro)।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে বিদ্যুৎ বিভ্রাট হলেও আর ট্রেন মাঝপথে আটকে থাকবে না। ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’ চালুর ফলে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও ব্যাটারি ব্যাকআপে ট্রেন নিকটবর্তী স্টেশনে পৌঁছে যেতে পারবে। এটি দেশের প্রথম চালু হওয়া মাইক্রোগ্রিড প্রযুক্তি সম্পন্ন মেট্রো। দেশের অন্য কোনও মেট্রো ব্যবস্থায় এই ধরনের প্রযুক্তি নেই।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ৬.৪ মেগাওয়াট আওয়ার ক্ষমতার এই BESS সেন্ট্রাল সাব-স্টেশনে স্থাপন করা হয়েছে। এতে লিথিয়াম আয়রন ফসফেট ভিত্তিক অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ইনভার্টারের মাধ্যমে সঞ্চিত শক্তি রেলপথে সরবরাহ করা হবে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার সুব্রাংশু শেখর মিশ্র জানান, এই ব্যবস্থায় ৮৮টি র্যাক রয়েছে এবং প্রতিটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় যাত্রীবাহী ট্রেনকে নিকটবর্তী স্টেশনে নিয়ে যাওয়া এবং যাত্রীদের নিরাপদে নামানোর জন্য এটি ব্যবহার হবে। পাশাপাশি টানেল ভেন্টিলেশন ও পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সচল থাকবে।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই প্রযুক্তির সাহায্যে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিতে একটি রেককে পরবর্তী স্টেশনে নিয়ে যাওয়া সম্ভব। একই সঙ্গে গ্রিড সমস্যার সময়েও পরিষেবা সচল রাখা যাবে। এতে বিদ্যুৎ খরচ কমবে এবং পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের সুযোগ বাড়বে। ব্যাটারির কার্যক্ষমতা প্রায় ১৪ বছর পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি অফিস সময়ে ব্লু লাইনে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন টানেলের মধ্যে থেমে যায়। সেই সময় যাত্রীদের টানেল দিয়ে হেঁটে বের হতে হয়। সাম্প্রতিক মাসগুলিতে ব্লু লাইনে বিদ্যুৎ বিভ্রাট ও পরিষেবা বিঘ্নের ঘটনা একাধিকবার ঘটেছে। এবার সেই পরিস্থিতি যাতে আর না ঘটে তাই এই নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে।


