পৌলমী ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ কলকাতা এক অভিজাত আবাসনে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। গভীর রাতে আগুনের ধোঁয়া ও তীব্র গন্ধ টের পেয়ে তড়িঘড়ি দুই সন্তানকে নিয়ে নিচে নেমে আসেন অভিনেত্রী নুসরত (Nusrat) জাহান ও অভিনেতা যশ (Yash) দাশগুপ্ত। একই আবাসনে থাকেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র—তাঁরাও দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। মুহূর্তে আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দমকল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি ফ্ল্যাটে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকল ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আবাসনের অন্যান্য ফ্ল্যাটে যাতে আগুন না ছড়ায়, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল।
বাসিন্দাদের দাবি, ধোঁয়ায় ভরে গিয়েছিল সিঁড়ি ও করিডর। শিশু ও বয়স্কদের আগে নামানো হয়। কোনও হতাহতের খবর মেলেনি বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে বেশ কয়েকজন শ্বাসকষ্টের সমস্যায় প্রাথমিক চিকিৎসা নেন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দমকল ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।


