কলকাতা: নির্বাচনের ডঙ্কা বাজতেই আর জি করের (RG Kar) আর্থিক দুর্নীতি মামলায় বড় মোড়। শুক্রবার বিশেষ আদালতে মামলার প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা (ED)। যেখানে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। পাশাপাশি তাঁর দুই সহযোগী বিপ্লব সিং ও সুমন হাজরার নামও ইডির চার্জশিটে উঠে এসেছে।
উল্লেখ্য, সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সর্বপ্রথম মুখ খুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। যার প্রেক্ষিতে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন তিনি। যা কলকাতা হাইকোর্ট মঞ্জুর করেছিল এবং সেই আদেশ সুপ্রিম কোর্টও বহাল রাখে।
তদন্তভার নেয় ইডি
আর জি কর (RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার পর আর্থিক দুর্নীতির দিকটি সামনে আসতে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সেই বিচার প্রক্রিয়া চলাকালীনই আর্থিক দুর্নীতির দিকটি খতিয়ে দেখতে তদন্তভার নেয় ইডি।
মামলায় উল্লিখিত আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ইডি (ED) একটি ইসিআইআর (এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট) দায়ের করেছিল, যা পুলিশের এফআইআর-এর সমতুল্য। অন্যদিকে, বর্তমানে জেলে থাকা সন্দীপ ঘোষের (Sandip Ghosh) আইনজীবীর সওয়ালের পর আখতার আলীর গ্রেফতারির পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। এখন এই মামলা কোনদিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।


