Aaj India Desk, কলকাতা: বিধানসভা ভোটের আগে শহরে নারীদের নিরাপত্তা (Women Safety) আরও জোরদার করতে আজ সন্ধ্যা থেকেই দুটি নতুন উদ্যোগ চালু করছে কলকাতা পুলিশ। প্রশাসনের দাবি, কলকাতা গত কয়েক বছর ধরে দেশের নিরাপদতম শহরের স্বীকৃতি ধরে রেখেছে। সেই অবস্থান আরও মজবুত করতে এবং নারীদের বিশ্বাস বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়।
কী থাকছে নতুন ব্যবস্থায়?
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার এক টুইটের মাধ্যমে জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে থাকবে ‘পিঙ্ক বুথ’ এবং রাতের ব্যস্ত সড়কগুলিতে ‘SHINING’ নামে সর্বমহিলা প্যাট্রোল টিম।
ঘোষণা অনুযায়ী, আজ থেকেই প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পিঙ্ক বুথ খোলা থাকবে। বুথগুলিতে দায়িত্বে থাকবেন মহিলা পুলিশকর্মীরা। রাস্তায় কোনও সমস্যায় পড়লে বা জরুরি সহায়তার প্রয়োজন হলে মহিলারা সরাসরি এই বুথে যোগাযোগ করতে পারবেন। এখানে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি নারীদের নিরাপত্তা (Women Safety) সংক্রান্ত পরামর্শ দেওয়া হবে। প্রাথমিক অভিযোগও নথিভুক্ত করা যাবে বুথ থেকেই। প্রয়োজনে দ্রুত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হবে।
এছাড়া রাত ৮টা থেকে ভোর ২টো পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টহল দেবে ‘SHINING’ সর্বমহিলা মোবাইল প্যাট্রোল টিম। বিশেষ নজরদারি থাকবে ই এম বাইপাস সংলগ্ন এলাকা এবং সেই সব রাস্তায়, যেখানে রাতের সময়ে কর্মরত মহিলাদের যাতায়াত বেশি। পুলিশের দাবি, দৃশ্যমান টহল বাড়ালে অপরাধ প্রতিরোধে তা কার্যকর ভূমিকা নেয়।
নিরাপত্তা বিতর্কের প্রেক্ষাপট
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ৯ অগস্ট এক মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে কলকাতা শহর জুড়ে নিরাপত্তা প্রশ্নে তীব্র বিতর্ক শুরু হয়। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া সেই ঘটনায় কেঁপে ওঠে গোটা দেশ। ওই ঘটনার পর চিকিৎসক মহলে নিরাপত্তা বাড়ানোর দাবি ওঠে এবং দীর্ঘদিন কর্মবিরতিও হয়।
নতুন কমিশনারের আমলে বাড়তি তৎপরতা ?
সাম্প্রতিক সময়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রতিম সরকার। তাঁর দায়িত্ব গ্রহণের পর সাইবার নিরাপত্তার জন্য বিশেষ হেল্পলাইন চালু, রাতের নাকা চেকিং বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত তৎপরতা বাড়ানোর মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার তার পাশাপাশি নারী সুরক্ষা (Women Safety) নিশ্চিত করতেও নতুন পদক্ষেপ নেওয়া হলো। শহরের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা কতগুলি পয়েন্টে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা পরে প্রকাশ করা হবে।


