Aaj India Desk, কলকাতা: দোলের সকালেই কলকাতায় অঘটন। আচমকা কলকাতার পার্ক স্ট্রিট (Park street) এলাকায় প্রায় ১৫০ বছরের একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িটির ছাদের একটি অংশ ভেঙে পড়ে। ধস নামার সঙ্গে সঙ্গেই আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পার্ক স্ট্রিট (Park street) থানার পুলিশ দ্রুত পৌঁছে এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে বাড়ির আশপাশের অংশ সাময়িকভাবে ব্যারিকেড করে দেওয়া হয়। তবে ঘটনায় কেউ আহত হননি। বাড়ির বাসিন্দারা সে সময় বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভেঙে পড়া অংশটি পুরোনো ও দুর্বল ছিল। ঘটনার পর বাড়ির কাঠামো পরীক্ষা করতে পুরসভা ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে। ভবনের বাকি অংশ কতটা নিরাপদ, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে বাড়িটি বিপজ্জনক ঘোষণা করা হতে পারে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত।
বাসিন্দাদের দাবি, সাম্প্রতিক ভূমিকম্পের পর থেকেই বাড়ির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছিল। তাদের কথায়, কম্পনের জেরে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়ে। যদিও ভূমিকম্পের সঙ্গে এই ধসের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, গতকালই সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের একটি অংশে ধস নামার ঘটনা সামনে আসে। সেখানেও কাঠামোগত দুর্বলতার অভিযোগ ওঠে। পরপর দু’টি ঘটনায় পুরোনো ও দুর্বল ভবনগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতায় বহু পুরনো বাড়ি এখনও বসবাসযোগ্য অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে এই ধরনের বাড়িতে ঝুঁকি বাড়তে পারে। প্রশাসন জানিয়েছে, শহরের বিপজ্জনক ভবনের তালিকা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পার্ক স্ট্রিটের (Park street) ঘটনাস্থলে নজরদারি চলছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কতা বজায় রাখা হয়েছে।


