Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে DA বকেয়া ও সপ্তম বেতন কমিশন কার্যকর না হওয়া নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের একাংশের অসন্তোষ বাড়ছে। আন্দোলন, বিক্ষোভ এবং আইনি লড়াই সব মিলিয়ে বিষয়টি নির্বাচনের আগে নতুন করে গুরুত্ব পেয়েছে।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার রাইদিঘিতে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, ২০২৬ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই আশ্বাসকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শাহ দাবি করেন, গত ১৫ বছরে রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন। তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পাচ্ছেন এবং অষ্টম বেতন কমিশনও আসন্ন, কিন্তু পশ্চিমবঙ্গে তা এখনও বাস্তবায়িত হয়নি।
DA বকেয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে নির্ধারিত হারে ডিএ প্রদান করা হয়নি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্মীদের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করে শাহ বলেন, সরকারি কর্মীদের ন্যায্য অধিকার ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বিজেপি ক্ষমতায় এলে সেই পরিবর্তন আনা হবে বলেও দাবি করেন তিনি।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালভিয়া। তিনি লেখেন, বিজেপি ক্ষমতায় এলে বেতন কাঠামো সংশোধন ও বকেয়া পরিশোধ দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।
উল্লেখযোগ্য, DA ও বেতন কমিশন ইস্যুতে রাজ্যের সরকারি কর্মীদের একাধিক সংগঠন গত কয়েক মাসে আন্দোলনে নেমেছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। প্রশাসনের উপর চাপও বেড়েছে। রাজনৈতিক মহলের মতে, সরকারি কর্মী ও পেনশনভোগীদের একটি বড় অংশ ভোটার হিসেবে প্রভাবশালী। ফলে সপ্তম বেতন কমিশন ও ডিএ ইস্যু আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। সেই প্রেক্ষাপটে রাইদিঘির সভা থেকে অমিত শাহর এই ঘোষণা নির্বাচনী প্রচারের কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।


