Aaj India Desk, কলকাতা : কলকাতা ডক সিস্টেমের ঐতিহাসিক ফোল্ডিং সেতু হলো বস্কিউল ব্রিজ। ১৯৬৬ সালে নির্মিত ডাবল লিফ রোলিং এই বস্কিউল সেতু আজ আধুনিকীকরণের পথে।
হুগলি নদীর উপর অবস্থিত এই সেতু প্রতিদিন শিল্পাঞ্চল গার্ডেন রিচ ও মেটিয়াবুরুজকে শহরের মূল অংশের সঙ্গে যুক্ত রাখে। একই সঙ্গে খিদিরপুর ডক-I ও ডক-II-এর মধ্যে বড় জাহাজ চলাচলের জন্য সেতুর দুটি অংশ নিয়মিত খুলে দেওয়া হয়। প্রায় ৬০ বছরের পুরনো এই চলমান সেতুকে নতুন প্রযুক্তিতে সাজাতে ১১৭.৫৪ কোটি টাকার প্রকল্প শুরু করেছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এই প্রকল্পে সাহায্য করছে রেল বিকাশ নিগম লিমিটেড।
Bascule সেতুর ইলেক্ট্রো মেকানিক্যাল ব্যবস্থার পূর্ণ সংস্কার এবং ভারী যান চলাচল সামাল দিতে ইস্পাত কাঠামোর শক্তিবৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো ব্যবস্থার জায়গায় আধুনিক হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম বসানো হবে। এতে সেতু খোলা ও বন্ধের গতি বাড়বে এবং রক্ষণাবেক্ষণ করাও সহজ হবে। ২০২৭ সালের মে মাসের মধ্যে এই প্রকল্প শেষ করা হবে বলে জানানো হয়েছে।
প্রকল্পটির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় নৌপরিবহন মন্ত্রকের অধীন সাগরমালা স্কিম থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাকি অর্থ দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ।
পোর্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেন, “এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বন্দর পরিচালনার গতি ও নিরাপত্তা বাড়ানো হবে।”
আধুনিকীকরণ শেষ হলে বস্কিউল ব্রিজের (Bascule Bridge) বাহ্যিক রূপ আগের মতোই থাকবে, তবে ভিতরের প্রযুক্তি হবে সম্পূর্ণ আধুনিক। এতে স্থানীয় যাত্রী ও বাণিজ্যিক যান চলাচলের পাশাপাশি বড় জাহাজ চলাচলেও সুবিধা হবে।


