Aaj India Desk, কলকাতা : সোমবার ধর্মতলার ধর্না মঞ্চে বক্তব্য চলাকালীন হঠাৎ মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থিত কর্মী-সমর্থকদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, ধর্না মঞ্চের চত্বরে বিজেপির ১৪ মার্চের ‘ব্রিগেড চলো’ কর্মসূচির লিফলেট বিলি করা হচ্ছিল। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, “আপনারা সভা শুনতে আসতে পারেন। কিন্তু এখানে বিজেপির লিফলেট বিলি করার অধিকার নেই। হাতেনাতে ধরুন, পুলিশকে দিন।”
মঞ্চ থেকেই অভিযোগ
মমতার এই মন্তব্যে মঞ্চে উপস্থিত নেতাদের মধ্যেও কিছুটা বিস্ময় দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই বিষয়টি ব্যাখ্যা করে জানান, বিজেপির ‘ব্রিগেড চলো’ কর্মসূচির পোস্টার ও লিফলেট ওই এলাকায় বিলি করা হচ্ছিল।তিনি তৃণমূলের নেতা শশী পাঁজাকে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। একই সঙ্গে কর্মীদের উদ্দেশে বলেন, “ভোট চোরদের দেখলে ধরবেন, পালাতে দেবেন না।” এর কিছুক্ষণ পর মঞ্চ থেকেই তিনি দুটি পোস্টার দেখান এবং দাবি করেন, ওই পোস্টার বিলি করছিলেন কয়েকজন ব্যক্তি। তাঁর কথায়, “এরা লিফলেট বিলি করছিল। এখন পালিয়ে গেছে। তবে ধরা হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ধর্মতলার ধর্না চত্বরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তৃণমূল কর্মীরা কয়েকজনকে আটক করে বলেও জানা যায়।
প্রচারের শর্টকাট’ বলেই কটাক্ষ
রাজনীতির ভাষায় এটাকে কেউ কেউ বলছেন ‘প্রচারের শর্টকাট’। যে ধর্নাকে ঘিরে বিজেপি এতদিন সমালোচনায় সরব, সেই মঞ্চের কাছেই লিফলেট বিলি যেন রাজনৈতিক ব্যঙ্গেরই এক দৃশ্য। মঞ্চ বিরোধীর হলেও দর্শক সবার ভেবেই বিজেপির এহেন আচরণ কিনা তা নিয়ে কটাক্ষ তৃনমূল সমর্থকদের। তবে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


