Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরে ভোট প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি তুলল বিজেপি (BJP)। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর দলের রাজ্য সহ-সভাপতি তাপস রায় এবং শিশির বাজোরিয়া জানান, রাজ্যে দ্রুত ভোট হওয়া দরকার।
ভোটগ্রহণের দিন নিয়ে প্রস্তাব
সোমবার নির্বাচন কমিশনের কাছে তারা মোট ১৮ দফা দাবি পেশ করেছেন। সেখানে দীর্ঘ সময় ধরে বহু দফায় ভোটগ্রহণের পরিবর্তে দ্রুত ভোট শেষ করার পক্ষে সওয়াল করেছে দল। এছাড়াও দাবিগুলির মধ্যে ভোটের দিন নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া নিয়ে একাধিক প্রস্তাব রয়েছে। বিজেপির (BJP) দাবি, ভোটারদের দুই ধাপে পরিচয় যাচাই করা হোক। প্রথমে বুথে ঢোকার আগে কেন্দ্রীয় বাহিনী পরিচয় যাচাই করবে এবং পরে বুথের ভিতরে পোলিং অফিসার তা নিশ্চিত করবেন। দলটি আরও জানিয়েছে, রাজনৈতিক দলের এজেন্টদের বুথের ভিতরে নয়, বাইরে রাখা উচিত। তাদের মতে, বুথের ভিতরে এজেন্ট থাকলে ভোটারদের প্রভাবিত করার ঝুঁকি থাকতে পারে।
নিরাপত্তা ও কর্মী নিয়োগ নিয়ে দাবি
প্রতিটি বুথে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়। এছাড়া পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছে দলটি। তাদের মতে, মোট পোলিং অফিসারের ৫০ শতাংশ রাজ্য সরকারি কর্মী এবং বাকি ৫০ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মী হওয়া উচিত। চুক্তিভিত্তিক কর্মী বা চুক্তিভিত্তিক শিক্ষককে পোলিং অফিসার হিসেবে নিয়োগ না করারও কথাও জানানো হয়েছে।
প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব
ভোটগ্রহণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলেছে বিজেপি। প্রতিটি বুথে ওয়েবক্যাম বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে প্রার্থী এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলি ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। দলের দাবি, কোনও বুথে ওয়েবক্যাম বিকল হলে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ রাখতে হবে। সমস্যা দ্রুত সমাধান না হলে ওই বুথে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
গণনার সময়ও কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে, যাতে রাজ্য পুলিশ বা স্বেচ্ছাসেবকদের কোনও ভূমিকা না থাকে। বিজেপি (BJP) নেতারা জানিয়েছেন, এই দাবিগুলি নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করার উদ্দেশ্যেই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে।


