Aaj India Desk, কলকাতা : পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়ল কলকাতার সাধারণ মানুষের ওপর। বাণিজ্যিক গ্যাসের পর এবার এক লাফে বাড়ল অটো LPG-র দাম।
১ এপ্রিল থেকে শহরে অটো LPG-র দাম এক লাফে বেড়ে দাঁড়াল লিটার প্রতি ৮১ টাকা ৯৬ পয়সা। একদিন আগেও যা ছিল ৭০ টাকা। বুধবার সকালে পাম্পে গিয়ে নতুন দামের কথা জানতে পারেন চালকেরা। এক ধাক্কায় প্রায় ১২ টাকার বেশি বৃদ্ধিতে উদ্বেগ ছড়িয়েছে পরিবহন মহলে। চালকদের দাবি, এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে দৈনিক খরচ তোলা সম্ভব হবে না।
পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে ধাপে ধাপে প্রায় ২৫ টাকা বেড়েছে অটো LPG-র দাম। ১১ মার্চ লিটার প্রতি দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা, যা পরে বেড়ে ৬২ টাকা ৬৮ পয়সা হয়। এরপর মার্চের শেষ দিনে তা দাঁড়ায় ৭০ টাকা, এবং নতুন আর্থিক বছরের প্রথম দিনেই তা প্রায় ৮১ টাকায় পৌঁছেছে।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন আগেও পুরনো দরে গ্যাস সরবরাহ হচ্ছিল। কিন্তু হঠাৎ নতুন নির্দেশিকা আসায় একযোগে দাম বাড়াতে হয়েছে। এর ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা চালক ও সাধারণ মানুষ নতুন দামে আরও সমস্যায় পড়ছেন।
অটোচালকদের অভিযোগ, ধারাবাহিক মূল্যবৃদ্ধি চলতে থাকলে তাদের পক্ষে পেশা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। বিশেষ করে যাঁরা ভাড়ায় অটো চালান, তাঁদের আয় প্রায় শূন্যে নেমে আসার আশঙ্কা রয়েছে। একজন চালক বলেন, “এইভাবে দাম বাড়তে থাকলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে।” অন্যদিকে, যাত্রী সংখ্যা কম থাকায় ভাড়া বাড়ানোর ক্ষেত্রেও সমস্যার কথা জানিয়েছেন চালকেরা। নির্দিষ্ট সংখ্যার বেশি যাত্রী তুললে জরিমানার ভয় রয়েছে। ফলে কম যাত্রী নিয়ে চললে খরচ তুলতে ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প নেই বলেই মনে করছেন তাঁরা।
এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। ভাড়া বাড়লে দৈনন্দিন যাতায়াতের খরচ বেড়ে যাবে বলে আশঙ্কা। উল্লেখ্য, একই দিনে বাণিজ্যিক LPG-র দামও ১৯ কেজির সিলিন্ডার প্রতি ২১৮ টাকা বেড়ে ২২০৮ টাকায় পৌঁছেছে। জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধি শহরের পরিবহন ও ব্যবসায়িক খরচ বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


