কলকাতা: ভোটের আগে তৃণমূলের ফাঁস করা “ডিল ভিডিও” নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবিরের (Humayun Kabir) ১০০০ কোটি টাকার ডিল হয়েছে বলে দাবী করেছে তৃণমূল। যার মধ্যে ৩০০ কোটি টাকা হুমায়ুনকে অ্যাডভান্স দেওয়া হয়েছে বলে দাবী শাসকদলের। যদিও সেই ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো ও এআই দ্বারা নির্মিত বলে দাবী করেছেন হুমায়ুন কবির (Humayun Kabir)।
শুক্রবার ইস্তেহার প্রকাশের সময় অমিত শাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “হুমায়ুনের পাশে বসার থেকে আমরা চিরকাল বিরোধী আসনে বসতে অধিক পছন্দ করব”। শনিবার জঙ্গিপুরের সভাতেও হুমায়ুনের সুরেই ‘ভিডিও ভুয়ো’ বলে দাবী করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। জঙ্গিপুরের জনসভা থেকে তিনি বলেন, “ভোটের আবহে বড় ষড়যন্ত্র চলছে। এআই ব্যবহার করে নানারকম ভিডিও তৈরি করে ভাইরাল করা হচ্ছে। আপনারা কোনোরকম প্ররোচনায় পা দেবেন না।”
X Link: https://x.com/AITCofficial/status/2042909490174112197
তিনি আরও বলেন, “তৃণমূল হারের গন্ধ পাচ্ছে। এইসব ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন”। মোদীর এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র আক্রমণ শাণালো তৃণমূল কংগ্রেস। এক্সের পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়, “ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই হুমায়ুন মরিয়া হয়ে দাবি করে আসছেন যে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি। আর আজ, স্বয়ং নরেন্দ্র মোদীও (Narendra Modi) সেই একই দাবী করে হুমায়ুনের (Humayun Kabir) প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন যে, বর্তমানে AI-সৃষ্ট ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।”
এরপর আক্রমণের সুর আরও চড়িয়ে তৃণমূলের তরফে লেখা হয়, “ভারতের প্রধানমন্ত্রী হুমায়ুন কবিরকে এক ধরণের রাজনৈতিক সুরক্ষা প্রদান করলেন। বিজেপি এবং হুমায়ুন কবিরের ‘অপবিত্র আঁতাত’ এখন আর নিছক কোনো জল্পনা বা তত্ত্ব নয়, মোদীর নিজের কথাতেই তা আজ নিশ্চিতভাবে প্রমাণিত হলো।”
বলা বাহুল্য, গরমের উত্তাপের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপও পাল্লা দিয়ে বাড়ছে! বিধানসভা ভোটের এই আবহে রাজনৈতিক চাপানউতোরে নতুন অণুঘটকের কাজ করেছে তৃণমূল ফাঁস করা “হুমায়ুনের (Humayun Kabir) ১০০০ কোটির ডিল ভিডিও”। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ভোটের আগে এই ভিডিও কোন দলে কি প্রভাব ফেলে এখন সেটাই দেখার।


