নয়াদিল্লি: ফের অশান্ত বালোচিস্তান (Balochistan)। আর দায় ফের ভারতের ঘাড়ে চাপাল ইসলামাবাদ। জানা গিয়েছে, গত কয়েকদিনে পাকিস্তানের বালোচিস্তানের ১২ টি জায়গায় জঙ্গি হামলার প্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালায় পাক-সেনা। ঘটনায় প্রায় ৯২ জঙ্গি নিহত হয়েছে বলে করেছে ইসলামাবাদ। শাহবাজ-প্রশাসনের দাবী, বালোচ-জঙ্গিদের মদত দিচ্ছে ভারত। যদিও এই দাবির কোনও প্রমাণ এখনও তারা দেখাতে পারেনি।
কি দাবী পাকিস্তানের?
বস্তুত, বালোচিস্তানের কোয়েটা, গাদর, মাকরান, হাব, চমন, নাসিরাবাদ এবং নুশকি সহ প্রায় ১২ টি জায়গায় বালোচ জঙ্গির হামলার কথা জানিয়েছে বালোচ সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ৯২ জন বালচ জঙ্গি সহ ১৫ পাকিস্তানী জওয়ান এবং ১৮ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবী করেছে পাক-সেনাবাহিনী।
একটি বিবৃতিতে পাক-সেনা দাবী করেছে, ‘ভারতীয় মদতপুষ্ট গোষ্ঠী’-ই এই হামলার পেছনে রয়েছে। তাঁরা বালোচিস্তানকে (Balochistan) পাকিস্তান থেকে পৃথক করতে চায়। এই জঙ্গিদের খতম করতে শুদ্ধিকরণ অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবী করেছে পাকিস্তান।
‘অপারেশন হেরোফ ফেজ টু’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে স্বাধীন বালোচিস্তানের উদ্দেশ্যে সক্রিয় বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)। প্রাদেশিক স্বায়ত্তশাসন, সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন ঘাটতির কারণে দীর্ঘদিন ধরেই বিদ্রোহী কার্যকলাপ চলছে। এর মধ্যে বালোচ লিবারেশন আর্মি অন্যতম বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যা পাকিস্তানি নিরাপত্তা বাহিনী, অবকাঠামো এবং বিদেশি প্রকল্প, বিশেষ করে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর সম্পর্কিত স্থাপনার ওপর হামলার দায় স্বীকার করেছে।
শুক্রবারের হামলার ঘটনার দায়ও স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)। তাঁদের দাবী, এটা ‘অপারেশন হেরোফ’-এর দ্বিতীয় পর্যায়। সংগঠনের মুখপাত্র জিইয়ান্দ বেলুচ-এর নামে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তাদের যোদ্ধারা নুশকিতে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (CTD)-এর সদর দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং একটি ফ্রন্টিয়ার কর্পসের ঘাঁটিও দখল করেছে। একই সঙ্গে তারা পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার কথাও জানিয়েছে। তবে পাকিস্তানি সরকার এই দাবিগুলো খারিজ করেছে এবং জঙ্গিদের হত্যা করার খবর প্রকাশ করেছে।


