স্নেহা পাল, ঢাকা: গত বছর ছাত্র অভ্যুত্থানের পর থেকে একাধিক এলাকায় ধারাবাহিক হামলা, ভাঙচুর ও হুমকির শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের সুযোগ নিয়ে কিছু এলাকায় পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিলো হিন্দু ও আদিবাসী পরিবারগুলোকে।
সেই প্রেক্ষিতেই এবার দিনাজপুর ১ আসনের BNP এর নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম বলেন, সংখ্যালঘু ও আদিবাসীসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা তাঁর দায়িত্ব। নির্বাচনে জয়ের পর তিনি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও বলেন।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের পরিচয়ে কেউ সংখ্যালঘু বা আদিবাসীদের সঙ্গে অন্যায় করলে তা সহ্য করা হবে না। হিন্দু-মুসলিম-আদিবাসী সবাই সমান অধিকার নিয়ে একসঙ্গে বসবাস করবে।
BNP এর নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আগামী পাঁচ বছরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের দেওয়া ভালোবাসার সঙ্গে কোনো আপস হবে না, সন্ত্রাসের সঙ্গেও নয়।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) প্রার্থী হিসেবে মনজুরুল ইসলাম দিনাজপুর ১ আসনে ১,৭৮,৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে নারী ভোটার ও হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ভোট রাজনীতিতে এই সংখ্যালঘু ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।


