ঢাকা: পদ্মাপাড়ে ফুটলো পদ্ম? শুনতে অবাক লাগছে? বাংলাদেশের সংসদীয় নির্বাচনে (Bangladesh Election) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টি (BNP)। দীর্ঘ ৩৫ বছর পর প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন এক পুরুষ। বৃহস্পতিবার ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হতেই শুরু হয় গণনা। শুক্রবার সন্ধ্যের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যায়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৯৭ টি আসনের মধ্যে ২১২ টি আসনে জয়ী হয়েছে BNP জোট। শুধু তাই নয়, BNP একায় ২০৯ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, জামাত জোটের ঝুলিতে এসেছে ৭৭ টি আসন। যার মধ্যে জামাত এককভাবে পেয়েছে ৬৮ টি আসন। স্পষ্টতই গণতান্ত্রিক বাংলাদেশের এই সংসদীয় নির্বাচনে (Bangladesh Election) ইতিহাসে প্রথমবার প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে জামাত। তবে এইসবের মাঝে বাংলাদেশে বিজেপি কোথা থেকে এল?
বাংলাদেশে বিজেপি?
জানা গিয়েছে, বাংলাদেশের ১৩ তম জাতীয় সংসদীয় নির্বাচনে (Bangladesh Election) একটি আসনে জিতেছে বিজেপি (Bangladesh Jatiya Party)। ভোলা-১ আসন থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আন্দলিভ রহমান পার্থ। তবে সংক্ষিপ্ত নাম এক হলেও, এই বিজেপির (Bangladesh Jatiya Party) পুরো নাম বাংলাদেশ জাতীয় পার্টি। জামাত-প্রার্থী মহম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিজেপি প্রার্থী পার্থ।
জামাত প্রার্থী পান ৭৫,৩৩৭ তি ভোট। অন্যদিকে পার্থর ঝুলিতে আসে ১,০৫,৫৪৩ টি ভোট। ১২ ফেরব্রুয়ারির নির্বাচনের আগে ভোলাকে দক্ষিণের ‘তিলোত্তমা’ বানানোর প্রতিজ্ঞা নিয়েছিলেন বিজেপি প্রার্থী পার্থ। ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিক্যাল কলেজ এবং প্রতি বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার মোট একাধিক প্রতিশ্রুতি ছিল তাঁর তালিকায়। BNP জোটে থাকায় তারেক রহমান ভোলায় বিশেষ নজর দেবেন বলেও দাবী করেন বিজেপি (Bangladesh Jatiya Party) প্রার্থী পার্থ।


